যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের গল্প বলবেন মুক্তিযোদ্ধারা
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নানা কর্মসূচি ঘোষণা করেছে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা’।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পাবলিক স্কুল মিলনায়তনে কিংবা জুইশ সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এ কমর্সূচিতে রয়েছে মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের গল্প, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে ফোরামের সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেয় সংগঠনটি।
ঘোষণা অনুযায়ী প্রবাসে জন্ম নেওয়া বাংলাদেশিদের নিয়ে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ-৭১’ শিরোনামে একটি রচনা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজন বিজয় দিবসের সমাবেশে বক্তব্য দেবেন।
একই সময়ে মুক্তিযুদ্ধের গল্প বলবেন উপস্থিত মুক্তিযোদ্ধারা। এছাড়া থাকবে দেশ ও প্রবাসের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসব কর্মসূচির সমন্বয়ে থাকবেন- ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল বারী ও নির্বাহী সদস্য লাবলু আনসার।
কর্মসূচিতে ‘প্রজন্ম একাত্তর’, ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ’, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ ও ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ সংগঠনগুলোকেও সম্পৃক্ত করার কথা জানান আয়োজকরা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল বারি, সহ সভাপতি রথীন্দ্রনাথ রায়, আবুল বাশার চুন্নু, যুগ্ম সম্পাদক সোলায়মান আলী, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক তানভীর হাবীব, দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, নির্বাহী সদস্য লাবলু আনসার, শহিদুল ইসলাম, সবিতা দাস ও কামরুজ্জামান।
