২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনির চিঠি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন

এবছর ফেব্রুয়ারি মাসে দেশে গিয়েছি। একদিন সময় পেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসে ঢুঁ মারলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 06:22 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

এ অনলাইন পত্রিকাটিতে গত প্রায় তিন বছর ধরে সিডনি থেকে সংবাদ দেই। এ সূত্রে মিথুনদার (প্রবাস পাতার তখন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক)  সঙ্গে সখ্যতা আর পরিচয়। তিনি সম্প্রতি অন্য প্রতিষ্ঠানে চাকরি নিয়ে চলে গেলেও আমার রিপোর্ট পাঠানো আর তা প্রকাশের ব্যাপারে কোন পরিবর্তন হলো না।

মিথুনদা বলে গিয়েছিলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আমার ভালোবাসার নিউজ পোর্টাল। আমি না থাকলেও অনুগ্রহ করে নিউজ পাঠানো বন্ধ করবেন না।

মিথুন’দার কথা মেনে আমি নিয়মিত রিপোর্ট পাঠাই। আর প্রকাশিত হলে নিউজ পোর্টালটির প্রবাস ডেস্ক থেকে আমাকে ধন্যবাদ জানিয়ে লিঙ্ক পাঠায়। কাউকে নামে চিনি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসের রিসিপশনে গিয়ে প্রবাস ডেস্কের কারো সঙ্গে দেখা করতে চাইলাম। তিনি আমার নাম আর কোথা থেকে এসেছি জেনে ভেতরে নিয়ে বসালেন। প্রায় সঙ্গে সঙ্গে জাহিদ ভাই এসে আমার সঙ্গে পরিচিত হলেন। জানালেন প্রবাস ডেস্কের জনি (হাবিব ইমরান) ভাই এখনও অফিসে এসে পৌঁছাননি, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন।

আমাকে একা একা অপেক্ষায় বসে থাকতে না দিয়ে আমার সঙ্গে গল্প করতে শুরু করলেন। মাঝে মাঝে তার মোবাইল থেকে জনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, কখন তিনি পৌঁছবেন। জনি ভাই এসে পৌঁছালে আমার সঙ্গে তার পরিচয় করে দিয়ে তবে জাহিদ ভাইয়ের ছুটি হলো।

Image
১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীরা।

১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীরা।

জনি ভাইয়ের সঙ্গে গল্প জমে উঠলো। তিনি বিরক্ত হয়ে একবারও ঘড়ির দিকে তাকালেন না। বিদায় নিয়ে বেরিয়ে আসার সময় মনে হলো পুরা অফিসের সবাই আমার অনেক পরিচিত।

সিডনিতে চলে এলাম। জনি ভাইয়ের সঙ্গে প্রতিদিন সকাল বিকেলে ফেইসবুক মেসেঞ্জারে কথা হয়। পরিচয় হলো প্রবাস ডেস্কের মাজহার ভাই আর লাভা আপার সঙ্গে।

দিনে দিনে জনি ভাইয়ের উপর আমার যন্ত্রণা বাড়তেই থাকে। এই নিউজ, সেই নিউজ, নিউজ এডিটিং, ভিডিও ফুটেজ, ভয়েজ ওভার আরও কত কী আবদার? উনি একবারের জন্যও বিরক্ত হন না। নিউজের ভুল বানান, দুর্বল লেখা ও শব্দ চয়ন হাসিমুখে সহ্য করেন।

আমি এর আগেও অনেক নিউজ পোর্টালের সঙ্গে কাজ করেছি। কিন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টিমের আন্তরিকতা অন্যদের হার মানায়।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ শুভদিনে নিউজ পোর্টালটির সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।