দুবাইয়ে ‘নারী জাগরণে বাংলাদেশ’ নিয়ে আলোচনা
সংযুক্ত আরব আমিরাতে সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সার স্মরণে ‘নারী জাগরণে বাংলাদেশ’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ অক্টোবর দুবাইয়ের পার্ল সুইটস হোটেলে ‘আতাউর রহমান কায়সার স্মৃতি সংসদ’ আয়োজনে এতে উপস্থাপনা করেন প্রবাসী নারী উদ্যোক্তা ও সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা।
অনুষ্ঠানে আতাউর রহমান খান কায়সারের জীবনী পড়ে শোনান নৃত্যশিল্পী তিশা সেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বেগম ওয়াসিকা আয়শা খান এমপি, বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান ও কমিউনিটি নেতা আবু জাফর।
অনুষ্ঠানে প্রবাসে নারী শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা ও কর্মক্ষেত্রে নারীদের সুবিধা-অসুবিধার ওপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
ওয়াসিকা আয়শা খান এক প্রশ্নের জবাবে বলেন, “আসলে সিআইপি যেটা বলেছেন সেটা নারী পুরুষ সবার ক্ষেত্রে সমান। এমনকি আরব আমিরাতে নারী সিআইপিও আছেন বলে আমি জানি। তবে নারীর এগিয়ে চলাতে যে প্রতিবন্ধকতা সেটা কাটাতে পরিবারের পক্ষ থেকেও সমর্থন খুব জরুরি।”
নারী উদ্যোক্তা গুলশান আরা ‘নারীদের কোটা পদ্ধতি কেন?’ নিয়ে আলোচনা করেন।
আবু জাফর বলেন, “আরব আমিরাতের স্পিকার একজন নারী। আর এটা মধ্যপ্রাচ্যের প্রথম নজির। এছাড়া সম্প্রতি সৌদি আরব নারীদের গাড়ি চালাতে অনুমোদন দিয়েছে। আরব বিশ্বও নারীর অগ্রযাত্রায় এগিয়ে এসেছে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
