‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’কে ঘিরে সিডনিতে উৎসবের আমেজ
অস্ট্রেলিয়ার সিডনিতে এনটিভি অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’।
স্থানীয় সময় শনিবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির বাংলাদেশিদের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রচারণায় ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো। চলছে অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী।
সিডনির ব্যাংকসটাউন পল কেটিং পার্কে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ উপলক্ষ্যে বুধবার এক প্রস্তুতি সভা করেছেন আয়োজকরা।
এতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, বাংলাদেশ ফেস্টিভ্যালের ইভেন্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হাবিব, এনটিভি অস্ট্রেলিয়ার পাবলিক রিলেশন্স অফিসার সাইমুম সারোয়ার, এনটিভির সিডনি প্রতিনিধি ও সিডনি ইউনিভার্সিটির সায়েন্টিস্ট সৈয়দ ফাওযুল আজীম, এনটিভি অস্ট্রেলিয়ার কালচারাল সেক্রেটারি ইফতেখার আলম সোহেল, আমরা বাংলাদেশির সংগঠক ও চার্লস স্টার্ট ইউনিভার্সিটির শিক্ষক শিবলী আবদুল্লাহ, এনটিভির বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান, এনটিভির চিফ ক্যামেরাম্যান জিয়া জহির পল্লব এবং হেড অব এনটিভি অনলাইন ফকরউদ্দীন জুয়েল।
সভায় রাশেদ শ্রাবণ বলেন, “মূলত প্রবাসের মাটিতে বাংলাদেশের সংষ্কৃতিকে নতুন প্রজন্মকে কাছে তুলে ধরাটাই আমাদের লক্ষ্য। প্রাণের উৎসবকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই প্রথম বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল অস্ট্রেলিয়ায় এতো বড় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।”
আর এ উৎসবকে কেন্দ্র করে আয়োজকদের নানা প্রচারণায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে তৈরি হয়েছে আগ্রহ।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে নাচ, গান, ফ্যাশন শো, মুখ ও হাতের আল্পনার পাশাপাশি থাকবে প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীদের জমজমাট সব পরিবেশনা।
এছাড়াও থাকবে ক্ল্যাসিক্যাল ও মডার্ন ড্যান্স, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় তরুণ-তরুণী এবং শিশুদের পরিবেশনা। বিশেষ আয়োজনে থাকবে ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী রন্টি দাশের সঙ্গীত পরিবেশনা।
শনিবার দর্শকদের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বেলা ৩টায়। চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। অনুষ্ঠানস্থল সাজানো হবে এনটিভির লোগো ও মনোগ্রামে।
‘বাংলাদেশ উৎসব’ উপলক্ষে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করছে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) সরকার, চ্যানেল নাইন, সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল এবং আমরা বাংলাদেশি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
