জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সাথে দীপু মনির বৈঠক
জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাজ্যাকের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি বৈঠক করেছেন।
স্থানীয় সময় বুধবার সকালে বৈঠককালে দীপু মনি সাধারণ পরিষদের সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, “জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদ তার নেতৃত্বে যে সকল অগ্রাধিকার ও রূপকল্প গ্রহণ করেছে, সেগুলোর প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।”
সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাজ্যাক বলেন, “এই মুহূর্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মিয়ানমারের চলমান পরিস্থিতি একটি উদ্বেগের বিষয়।”
এক্ষেত্রে তার সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, “এ বিষয়ে বাংলাদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বক্তব্য ও সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে।”
ওই বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনও উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
