২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে কমে আসছে শ্রমিকদের ভিসার মেয়াদ

বেসরকারি খাতে কাজের ভিসায় সৌদি আরবে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ দুই বছরের পরিবর্তে এক বছর করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 06:09 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

স্থানীয় সময় মঙ্গলবার সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আলী আল ঘাফিস এ নির্দেশ জারি করেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়- ভিসার মেয়াদ কমে এক বছর হবে, তবে সরকারি খাতে চাকরি ও গৃহকর্মীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।

সৌদি শ্রম আইনের ১১ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত হয় বলে পত্রিকাটি জানায়। ওই ধারায় বলা হয়েছে, শ্রম বাজারের কর্মক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যে কোন সিদ্ধান্ত মন্ত্রী নিতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি থেকে জানানো হয়- মন্ত্রণালয় ইতোমধ্যে মন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে।

এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশের কথাও ঘোষণা করা হয়। সেগুলো হলো- এখন থেকে সৌদি নাগরিকের ভিনদেশি মা ও সৌদি নারীর বিদেশি সন্তান এমন কিছু পেশায় কাজ করতে পারবেন যা আগে তাদের জন্য নিষিদ্ধ ছিল।

সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, এ সিদ্ধান্তকে সৌদি নাগরিকদের পাশাপাশি প্রবসীরাও স্বাগত জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকর্মী মোহাম্মাদ আল ওয়াইন এটাকে ‘সঠিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন।

এ ছাড়া সৌদি সুরা কাউন্সিলের তিনজন সদস্য- লতিফা আল সালান, হাইয়া আল মুনাই ও আতা আল সাবতি অন্য দেশের শিশুদের সৌদি নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বর্তমান আইন সংস্কারের সুপারিশ করেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!