আমিরাতে প্রবাসীদের সচেতনতায় ‘দেশের খবর’ পত্রিকার প্রচারণামূলক কর্মসূচি উদ্বোধন
প্রবাসে নানা ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীদের জন্য প্রকাশিত সাপ্তাহিক ‘দেশের খবর’ পত্রিকা ধারাবাহিক প্রচারণামূলক কর্মসূচি চালু করেছে।
স্থানীয় সময় সোমবার রাতে দুবাইয়ের পার্ল সিটি সুইটস হোটেলে ওই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয় যাতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ নুরে আলম চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের আরেক হুইপ আতিকুর রহমান আতিক।
এসময় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব এ কে এম মিজানুর রহমান, দুবাই পুলিশের অপরাধ ও সচেতনতা বিভাগের পরিচালক কর্নেল মোহাম্মদ সালেম আল মেহেরি ও দুবাই স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যান্ড সেইফটি বিভাগের পরিচালক মোহাম্মদ ওয়াসিফ আলম।
মোহাম্মদ আবু মুছা ও মায়মুনার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ‘দেশের খবর’ পত্রিকার নির্বাহী পরিচালক মশিউল আলম।
সামাজিক সচেতনতামূলক প্রচারণার লক্ষ্য ও কৌশলের বিষয়বস্তু উপস্থাপন করেন পত্রিকাটির সম্পাদক এনাম পাশা।
অতিথিরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা 'প্রত্যাশা'র উদ্বোধন করেন। প্রবাসী কম্যুনিটির পক্ষ থেকে এতে বক্তব্য দেন ইফতেখার হোসেন বাবুল।
তারা বলেন, সচেতনতার অভাবে বিশেষ করে স্বল্প শিক্ষিত প্রবাসীরা নানা ধরণের ছোটোখাটো অপরাধে জড়িয়ে পড়েন এবং তাতে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়। ‘দেশের খবর’, স্থানীয় দূতাবাস ও কম্যুনিটির সহায়তায় এই শ্রেণিটিকে সচেতন করতে নানা সচেতনতামূলক ক্যাম্পেইন, বুকলেট বিতরণ, সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্মসূচি হাতে নিয়েছে।
প্রধান অতিথি নুরে আলম চৌধুরী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমার ২৫ বছরের রাজনৈতিক জীবনে বেসরকারিভাবে সমাজ সচেতনতা সৃষ্টির এ ধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমি আর দেখিনি।"
তিনি এ ধরণের অনুষ্ঠানে দূতাবাসের সক্রিয়া অংশগ্রহণ না থাকায় ‘অসন্তোষ’ প্রকাশ করেন।
তিনি বলেন, “ শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পসময়ের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। আমাদের তেলের খনি নেই কিন্তু মানবসম্পদের যে খনি আছে তা দেশের উন্নয়নে প্রধানতম একটি চালিকা শক্তি হিসেবে কাজ করছে।
আগামী নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “যাদের হাতে দেশ নিরাপদ থাকবে, স্বাধীনতা নিরাপদ থাকবে, উন্নয়নের অসমাপ্ত কাজগুলো যারা সম্পন্ন করবেন- তাদের আবার নির্বাচিত করে দেশকে এগিয়ে নিন।"
সংসদ সদস্য এবিএম ফজলে করিম বলেন, “জিডিপি বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি সূচকে বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর সব উন্নয়ন ঘটিয়ে নতুন ভবিষ্যতের যাত্রায় টেক অফ করছে।"
অনুষ্ঠানে দেশের খবর এর পক্ষ থেকে ‘আওয়ার সেভেন্টি ওয়ান’ নামের একটি অ্যাপও উদ্বোধন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
