দুর্নীতির অভিযোগে সৌদিতে দুই বাংলাদেশি গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় সৌদি আরবে ‘বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল’ জেদ্দা শাখার দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
গ্রেপ্তার হলেন- স্কুলটির চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির ও সহকারী অধ্যক্ষ আব্দুল কাইয়ুম।
স্থানীয় সময় সোমবার সকালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ দু’জনকে গ্রেপ্তার করলেও অভিযুক্ত বাকি পাঁচজন পলাতক রয়েছেন।
স্কুলের অভিভাবক কমিটির সভাপতি কাসেম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ ও ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুমসহ আরো ৭/৮ জনের বিরুদ্ধে তিন মিলিয়ন রিয়ালের দুর্নীতি ও অনিয়মের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সৌদি পুলিশ।”
তিনি অভিযোগ করে বলেন, “স্কুলের বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি দেওয়ার কোনো নামগন্ধ নেই।”
অভিভাবক কমিটির নির্বাহী সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, “সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে অডিট রিপোর্ট দেওয়া এবং লাইসেন্স নবায়ন করার সময় বেঁধে দিলেও সেদিকে তারা লক্ষ দেননি।”
বর্তমান কমিটির বিরুদ্ধে স্কুল অভিভাবক ফোরাম জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিমের কাছে অভিযোগ করলেও কোনো লাভ হয়নি বলে জানান তিনি।
কনসাল জেনারেল তদন্ত করে অডিট রিপোর্ট পেশ করার কথা থাকলেও তা দেওয়া হয়নি।
অভিভাবক কমিটির নির্বাহী সদস্য ক্যাপ্টেন বাহার বলেন, “স্কুলের প্রিন্সিপাল না থাকায় সেই সুযোগে স্কুলের ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম দুর্নীতি-অনিয়ম করে আসছেন। এ অবস্থায় স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা কমছে ও হ-য-ব-র-ল সৃষ্টি হয়েছে।”
