২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসের চিঠি: স্বাধীন কাতালোনিয়া বা অখণ্ড স্পেন

স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতা প্রসঙ্গে এখানে বসবাসরত বাংলাদেশিদের রয়েছে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া, অবস্থান। কাতালোনিয়া স্বাধীন হলে লাভ-ক্ষতির হিসেব নিকেশ করছেন অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2017, 05:11 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

কাতালান সরকারের ২০১৬ সালের জরিপ অনুযায়ী অঞ্চলটিতে ১০ লাখ ২৩ হাজার অভিবাসী রয়েছেন। কাতালোনিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সেখানে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ৬ হাজার ৩৮ জন, যা কাতালোনিয়ার মোট অভিবাসীর ০.৫৯ শতাংশ।

এদের অনেকেই এখানে বহু বছর ধরে ব্যবসা-বাণিজ্য করছেন, অনেকে পেয়েছেন স্পেনের নাগরিকত্ব। স্পেন থেকে স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ার বাংলাদেশিদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা দ্বিধা-দ্বন্দ্ব।

স্পেনের অর্থনীতির অন্যতম বড় শক্তি কাতালোনিয়া। এটি শিল্পসমৃদ্ধ অঞ্চল। স্পেনের মোট জিডিপির ১৯ শতাংশ আসে কাতালোনিয়া থেকে। যদি কাতালোনিয়া পৃথক হয়ে যায়, তবে স্পেনের অর্থনীতির ২০ শতাংশের মালিকানা চলে যাবে কাতালানদের হাতে।

সম্প্রতি স্পেনের নাগরিত্ব পাওয়া প্রবাসী বাংলাদেশি আব্দুল বাছিত গত ১ অক্টোবর কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নের গণভোটে অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশি বাঁধায় ভোট দিতে পারেননি।

কাতালোনিয়া স্বাধীন হলে অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে- স্বাধীনতাপন্থী নেতারা এমন আভাস দিয়েছেন জানিয়ে বাছিত বলেন, “কাতালোনিয়া স্বাধীন হলে ও ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন পেলে বাংলাদেশিসহ এখানকার অভিবাসীরা অনেক ভালো জীবনযাপন করতে পারবেন।”

কাতালোনিয়ায় ১৫ বছর ধরে প্রবাস জীবনযাপন করছেন বাংলাদেশি বনি হায়দার মান্না। তিনি থাকেন কাতালোনিয়ার উত্তর-পূর্ব প্রদেশ জিরোনার এসতারতিতে।

Image
স্বাধীনতাকামীদের পতাকা মিছিল, ছবি: রয়টার্স

স্বাধীনতাকামীদের পতাকা মিছিল, ছবি: রয়টার্স

কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের স্বাধীনতা ঘোষণা ও পরে তা কয়েক সপ্তাহের জন্য স্থগিত করাকে প্রেসিডেন্টের রাজনৈতিক দূরদর্শিতা উল্লেখ করে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার আর ইউরোপিয়ান ইউনিয়নের মতিগতি পর্যবেক্ষণ এবং তাদের সঙ্গে আলোচনা করে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হতে পারে। আর সেটা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সাময়িক সমস্যায় পড়বে কাতালোনিয়া।”

তবে বনি হায়দার মনে করেন, “স্বাধীন হলে কয়েক বছরের মধ্যেই কাতালোনিয়া সেই সমস্যাগুলো থেকে উৎরে উঠবে।”

অখণ্ড স্পেনের জন্যও অভিবাসী বাংলাদেশিদের অবস্থান লক্ষ্য করা গেছে। স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি বার্সেলোনায় ১০ বছর ধরে বাস করছেন। বার্সেলোনায় তার ব্যবসাও রয়েছে।

তিনি বলেন, “স্পেন থেকে কাতালোনিয়া পৃথক হবে, সেটা আমি চাই না। আমরা পুরো স্পেনে এক পরিবারভুক্ত হয়েই থাকতে চাই।”

আফাজ জনি জানান, কাতালোনিয়ার স্বাধীনতা প্রসঙ্গ জোরদার হতেই ব্যাংকসহ কয়েকটি বড় বড় কোম্পানি তাদের সদর দপ্তর ও নিবন্ধিত অফিস বার্সেলোনা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বভাবতই তার প্রভাব পড়বে আমাদের উপর।

মাদ্রিদের সাথে নিজেদের স্বার্থ নিয়ে আলোচনা করে সমঝোতায় পৌঁছলেই বরং কাতালোনিয়া লাভবান হবে বলে তিনি মনে করেন।

অখণ্ড স্পেনের পক্ষে বার্সেলোনায় সমাবেশে অংশ নিয়েছিলেন আরেক প্রবাসী বাংলাদেশি শফিকুর রহমান। ৫ বছর হলো তিনি স্পেনের নাগরিকত্ব নিয়েছেন।

তিনি বলেন, “কাতালোনিয়া স্বাধীন হলে আমাদের বাংলাদেশিদের অনেক সমস্যা হবে। ব্যবসা বাণিজ্যে ধ্বস নামবে। বেকারত্ব বাড়বে। আমরা যারা ইতোমধ্যে স্পেনের পাসপোর্ট নিয়েছি, তাদেরও সমস্যা বাড়বে।”

কাতালোনিয়া স্পেনের অন্তর্ভুক্ত থাকলেই বাংলাদেশি অভিবাসীদের বেশি সুবিধা হবে বলে মত দেন শফিকুর রহমান।

বার্সেলোনার খোয়াকিন কোস্টায় বসবাসরত প্রবাসী মুজিবুর রহমান বলেন, “লা লিগায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো থেকে বঞ্চিত হবে বিশ্বের ফুটবলপ্রেমিরা। কেন বার্সেলোনা স্পেন থেকে পৃথক হবে!”

১৫ বছর আগে পেরু থেকে বাবা-মায়ের সঙ্গে কাতালোনিয়া এসেছিলেন এডু অর্থিজ, স্পেনের নাগরিকত্বও পেয়েছেন।

কাতালোনিয়ার স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “কাতালোনিয়ার স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। কাতালোনিয়ার অধিবাসীরা জাতি হিসেবেও স্বীকৃত। স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবার যোগ্যতা রয়েছে।”