২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের আলোচনা সভা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেক্টর কমান্ডার্স ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 12:45 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে স্কলাস্টিকা মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট রাশেদ আহমেদ। মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি স্বাগত বক্তব্যের দেন।

শুরুতে সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া ও সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবুসহ কর্মকর্তারা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও জিনাত নবীকে বিশেষ সম্মান জানান।

সভায় নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা সামাজিক-রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্যে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ওপর ভরসা করে থাকলে চলবে না, প্রতিটি মুক্তিযোদ্ধা এবং নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এ ব্যাপারে সোচ্চার থাকতে হবে। তাহলেই সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন পূরণ সহজ হবে।”

বাচ্চু আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করতে বিশেষ একটি মহল স্বাধীনতার পরই সংঘবদ্ধ প্রচারণায় লিপ্ত হয়। এখনও রয়েছে আড়ালে-আবডালে। এহেন ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে জনমত জোরদারের পাশাপাশি নতুন প্রজন্মকে একাত্তরের চেতনার সাথে পরিচিত রাখতেও সকলকে আন্তরিক অর্থে সচেষ্ট থাকা প্রয়োজন।”

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন কবি বেলাল বেগ।

মুক্তিযোদ্ধা জিনাত নবী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একাত্তরের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চলমান কার্যক্রমে সকলের ঐক্য কামনা করেন।

মুক্তিযোদ্ধা নূরুন নবী বলেন, “শেখ হাসিনার দৃঢ়চেতার কারণেই ৪৫ বছর পর একাত্তরের ঘাতকরা দণ্ডিত হয়েছে এবং হচ্ছে। এই মনোভাবকে শাণিত রাখতে প্রবাসীদের ঐক্য অটুট রাখতে হবে।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকা শাখার প্রেসিডেন্ট মিথুন আহমেদ মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর একাত্তরের কিছু অভিযান ও বঙ্গবন্ধুর চেতনার কথা তুলে ধরেন।

মুক্তিযোদ্ধা বাচ্চু আরো বলেন, “ডিসেম্বরে লস এঞ্জেলেসে একটি অনুষ্ঠান হবে। মুক্তিযোদ্ধারা একাত্তরের গল্প শোনাবেন ১০ থেকে ২০ বছর বয়সী তরুণ-তরুণীদেরকে।” বাংলাদেশি অধ্যুষিত অন্যান্য শহরেও এমন আয়োজনের আহ্বান জানান বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর, সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সেক্রেটারি শহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ আবুল কাশেম ।

উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরণ, গণজাগরণ মঞ্চের জাকি রনী, মিনহাজ সাম্মু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নব্যেন্দু বিকাশ দত্ত, প্রজন্ম একাত্তরের সেক্রেটারি শিবলী সাদিক শিবলু, সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হারুন ভূইয়া ও রফিক আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, প্রচার সম্পাদক শুভ রায়, সম্পাদক মণ্ডলীর সদস্য জাফর আহমেদ, সদস্য আশরাফ আলী খান লিটন, কানু দত্ত, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের এ টি এম মাসুদ রানা, লেখক রবীন্দ্র সরকার ও নাসরীন চৌধুরী।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!