২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ের চিঠি: উটের দেশে বাঘের শিল্প

আমরা বাঙালি। রক্তে, মনে, প্রাণে, জীবনে, সবভাবেই বাঙালি। আমরা কর্মঠ, আমরা সক্ষম, আমরা গর্বিত যে প্রবাসেও আমাদের বাঙালি বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিশা সেন, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 03:57 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

পুরনো খবর:

নেচে সমাজের অসঙ্গতি দূর করতে চান যে শিল্পী

অবশ্য সবাই কিন্তু অতটা গর্ববোধ করে না ব্যক্তিগত কারণে, কিন্তু পরিশেষে দেশের মাটিই আমাদের কাছে টেনে নেবে, যদি কোথাও যাওয়ার না থাকে। এ বিষয়ে অন্য কোন সময়ে লিখবো। এখন লিখতে চাই আরব আমিরাতে বাঙালির শিল্প-সংস্কৃতি চর্চা নিয়ে।

এ একটা জিনিস যেটাতে আমরা এখনও খুব পিছিয়ে আছি। জানি না কী কারণে, কিন্তু আমরা শিল্পীরা আজও কিছু একটা খুঁজছি। আমরা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি শিল্পীরা, জানি না কতটুকু সন্তুষ্ট হতে পারছি এখানকার বাঙালি শিল্পচর্চা নিয়ে।

এখানে অনেক স্বাধীনতা, অনেক সুরক্ষা ও শান্তি, তাতেও আমরা কিছু করে উঠতে পারছি না। কত অনুষ্ঠানই না করা হয় এখানে, বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু সবকয়টারই মূল অর্থ হারিয়ে যায়, আমরা ধরে রাখতে পারি না। বাঙালি ও বাংলাদেশি জাতীয়তাবোধের জায়গায় নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারি না অপরাপর দেশের মানুষের কাছে।

গত ছয় মাসে অনেক কিছু দেখলাম, আরও দেখার আছে। এখানে বাংলা কমিউনিটি খুবই বড়, কিন্তু আমরা যা-ই করি, তার তেমন প্রভাব থাকে না। যে অনুষ্ঠানেই যাই না কেন, একই গান আর নাচ। আর সেগুলোও পাল্টায় না- ঘুরেফিরে কিছু আঞ্চলিক ও কিছু লোকগীতি ইত্যাদি।

Image
নাচ পরিবেশন করছেন লেখক

নাচ পরিবেশন করছেন লেখক

আমি গান শিখি। গান তুচ্ছ বলছি না, বলবো না। শিল্পী মানেই এমন মানুষ যে অন্যদের ও নিজের শিল্পকে সম্মান করেন। নইলে সে শিল্পী নয়। কত ধরনের গানই না এ পৃথিবীতে আছে। শুধু শ্রোতাদের আনন্দ দিতে নয়, কখনো কখনো মনের ভেতরটাকে কাঁপিয়ে তোলা গানও দরকার। দরকার সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে গানও। কখনো মধুর সুরের ছোঁয়া দরকার, কখনো কাঁদায় কখনো হাসায়, এমন গীতেরও দরকার। এই চাওয়া বুঝে কয়জন!

আমি যখন বাংলা কমিউনিটিতে এবছর প্রথম আসি, জানতে পারি এখানে নৃত্যশিল্পী আছেন শুধু একজন। আর এখন আমি এলাম। ছবি আঁকেন বা আবৃত্তি করেন এমন শিল্পীর নাম খুব কমই শোনা গেলো। এটা সবার জন্য একটা ছোট ব্যাপার ছিল, কিন্তু আমার অবাক লাগে।

আমি ভারতীয় ও অন্যান্য অনুষ্ঠানে যখন নাচি, তখন এতো এতো শিল্পী যে ওখানে সুযোগ পাওয়া কঠিন। জানি না আমাদের দেশে কি শিল্পী কম, নাকি শিল্প কম! শিল্পচর্চা করা সহজ ব্যাপার নয়, আর যদি পরিবার সঙ্গে না থাকে, এটা করা অসম্ভব। অনেকেই শিল্পীচর্চা করার চেষ্টা করেন, কিন্তু সমর্থনের অভাবে হারিয়ে যায় আর নিজেকে লুকিয়ে ফেলেন। ফিরে যান আবার সেই চুপচাপ আড়ালে লুকিয়ে থাকা জগতে।

আমি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অনেক শিল্পীদের চিনি, অনেকের সঙ্গে রোজ কথাবার্তা হয়, অনেকের সঙ্গে দেখাও হয়। কিন্তু এখানে বাংলা অনুষ্ঠানের মান কম, নইলে গতানুগতিকতা বেশি, ভিন্নতা কম। যেদিন আমরা তা পাল্টাতে পারবো, হয়তো নিজেই সব আপনা আপনি পাল্টিয়ে যাবে। নিজের দেশকে তখন মেলে ধরতে পাররো অনন্য উচ্চতায়।

এখানে বাংলাদেশি তথা বাঙালি শিল্পচর্চাকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যম দরকার। কিন্তু গণমাধ্যম মানে নিজস্ব কোন টিভি চ্যানেল বা সংবাদপত্র নয়, দেশে-বিদেশে যারা এগুলোতে কাজ করেন বা যোগাযোগ ভালো তাদের শিল্পনিষ্ঠ হওয়া উচিৎ আরও বেশি। আমাদের খবরগুলো যেন দেশের মানুষের কাছে পৌঁছে, যেন মানুষ আগ্রহী হন শিল্পী ও শিল্প নিয়ে।

তাদের উচিৎ শিল্পচর্চার জন্য প্রবাসী নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়া। বর্তমান শিল্পীদের বিষয়ে ও তাদের অনুষ্ঠান ভালোভাবে প্রচার করা দরকার। এ দায়িত্ব বাংলাদেশি গণমাধ্যমগুলো নিক।  দেশে ও প্রবাসে সব শিল্প ও শিল্পীকে প্রাপ্য সম্মান দেওয়া হোক। কোনো শিল্প নিয়ে কোনো ধরনের বাজে চর্চা না করা হোক, এটাই আশা।

আজ এতটুকু বলে বিদায় নিলাম। আরো মনের কথা বলবো আপনাদের কাছে, সময়ের সাথে, কাজের ফাঁকে। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ।

লেখক: প্রবাসী নৃত্যশিল্পী ও স্কুল শিক্ষক

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!