২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালিয়াড়ি সৈকত তীরের সমাপ্তি

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এখন বসন্ত চলছে। যদিও আপনি ১২-১৩ ডিগ্রি শীত অনুভব করবেন, তার সাথে বাড়তি ঝির ঝির বৃষ্টিপাত তো আছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনোয়ারুল ইসলাম সিফাত, নিউজিল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 11:02 AM

Updated : 11 Oct 2022, 02:38 PM

আমার কাছে আবহাওয়ার আরও একটি উপাদান বাড়তি লাগে, সেটা হলো এখানকার উদ্দাম বাতাস। যেখানে আমি কাজ করি, তার কাছেই একটি বিশাল বায়ুকল আছে। শেষ কবে যে এটাকে স্থির দেখেছিলাম মনে নেই। তবে যখন আকাশে ঝলমলে সূর্য ওঠে, তখন ছবির মতো লাগে এই শহরটাকে।

সেদিন রোববার ছিলো সাপ্তাহিক ছুটি। সেদিন এখানকার যে আবহাওয়া ছিলো, তাতে আপনি খাঁটি বাঙালি হলে ঘরে কাঁথা জড়িয়ে ঘুমিয়ে থাকবেন। খাঁটি না হলেও রক্তে বাঙালিয়ানা থাকার দরুণ এই অভ্যাস আমারও আছে বৈকি।

যাই হোক, কিছুদিন আগে শখে কেনা একটা প্রথম হাত ঘুরে আসা ক্যামেরাটা কেমন কাজ করে, তা দেখার জন্য মনটা খচ খচ করছিলো। এতগুলো ডলার জলে ফেললাম নাকি ভাবছিলাম। তা সেই টাকার জন্যই হোক আর প্রথম ডিএসএলয়আর ক্যামেরা চালনার উত্তেজনাই হোক, সকালে দিলাম রওনা সাইকেলে চেপে।

কাছের একটা ছোট সমুদ্র সৈকতে চলে গেলাম। এই ছোট সৈকতটির নাম ‘পেটুন বিচ’। এই নামটার স্থানীয় ভাষায় বাংলা অর্থ ‘বালিয়াড়ি সৈকত তীরের সমাপ্তি’। এই নামটার যথাযথ সার্থকতা মিলবে যদি আপনি এই সৈকত তীরটিতে একবার পায়চারি করেন। সমস্ত তীর বালি, নুড়ি পাথর আর শামুক-ঝিনুকের খোলের মিশ্রণ।

এই সৈকত তীরের ঐতিহাসিক একটা পরিচয় হলো, ১৮৪০ সনে ইউরোপিয়ানরা এখানে প্রথম বসতি স্থাপন করে, যা কিনা এই পুরো ওয়েলিংটনে প্রথম।

কিউই, নিউজিল্যান্ডের নাগরিকদের ডাক নাম। এরা যে আমার মতো ঘরকুনো নয়, তা এই সাত সকালে সৈকত দর্শনে এসেই বুঝে গেছি। কেউ একা, কেউবা নিজেদের পোষা কুকুর কিংবা আমার মতো দিচক্রযানে চেপে এই সুন্দর সকালটা উপভোগ করছেন।

ক্যামেরার লেন্সটা একটু এদিক-ওদিক নিতেই দেখি, মাঝ সমুদ্রে একজন নৌকা চালাচ্ছেন। নৌকা চালাচ্ছে বলা হলে ভুল হবে, আসলে একে ইংরেজিতে ‘কায়াকিং’ বলা হয়। এগুলোর অনেক জাত আছে, এর একটা এখন দেখছি।

কিছুক্ষণ পর আর দুই-একটা এরকম দেখলাম। এবার আর একলা নয়, দলগতভাবে একই তালে চারজন মিলে চালাচ্ছে। আবার দূরে এক দল মেয়ে এটা শিখতে চেষ্টা চালাচ্ছে। নিজের কখনও এটা চালানোর সৌভাগ্য হবে কিনা জানি না, তবে বলা যায়, যথেষ্ট শারীরিক কসরতের একটা কাজ এটা। আর মজারও বটে। সৈকতের তীরে হেঁটে যেতে যেতে মনে হলো রবি ঠাকুরের সেই দুই লাইন- ‘যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়……’

সত্যিই তো, হতে পারে বঙ্গোপসাগর অনেক দূর, কিন্তু এই দূরত্ব কি এই স্রোতকে এখানে আসতে থামাতে পেরেছে!

লেখক: প্রবাসী বাংলাদেশি

ইমেইল: sifat62@gmail.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!