আটলান্টায় শ্রীকান্ত আচার্য্যের সঙ্গীত সন্ধ্যা শনিবার
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য্যের একক সঙ্গীত সন্ধ্যা।
স্থানীয় সময় আগামী শনিবার গুইনেট কাউন্টির বার্কমার হাই স্কুল মিলনায়তনে এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে হুমায়ুন কবির কাওসার জানিয়েছেন, “এবারে প্রতিটি আসনের নম্বর অনুযায়ী টিকিটে ক্রমিক নম্বর বসানো হয়েছে। কাজেই ভালো ও সুবিধাজনক আসন পাওয়ার ক্ষেত্রে আগেভাগে টিকিট কিনতে আসন নিশ্চিত করে রাখাই ভালো। ভিআইপি টিকিট সামান্য কয়েকটি এখনও অবিক্রিত রয়েছে।”
আয়োজক গোষ্ঠীর আরেক সংগঠক অসীম সাহা বলেন, “অত্যন্ত পরিপাটি পরিবেশে দর্শকদের চিত্তবিনোদনে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী প্রয়াত রজব আলীর স্বপ্ন পূরণে তাঁর প্রতিষ্ঠিত ‘গ্রিন ডিজেবেলড ফাউন্ডেশন’-এ উদ্বৃত্ত অর্থ দেওয়ার আশা রয়েছে।”
শিল্পী শ্রীকান্তের সঙ্গে আরও আসছেন সুর ও বাদ্যযন্ত্রের পাঁচজন বাদক সুমন দাশ, শুভেন্দু শেখর দাশ, নরেন্দ্র চন্দ্র দে, দিপাঞ্জন রায় ও তন্ময় সেন।
শিল্পী শ্রীকান্ত বলেন, “আমি বাইরে গিয়ে যত শো করি, তার ৬০ থেকে ৭০ ভাগ আয়োজকই বাংলাদেশি। একবার অস্ট্রেলিয়ায় শো করতে গিয়েছিলাম। শো শেষে এক ভদ্রলোক স্টেজে উঠে আমাকে একটি রুমাল দিয়ে মোড়ানো কৌটা উপহার দিলেন। বললেন, বাসায় গিয়ে এটি খুলতে। বাসায় গিয়ে খুলে দেখি পিস করা পদ্মার ইলিশ। খুব অবাক হয়েছিলাম। জীবনে অনেক উপহার পেয়েছি তবে এটা ছিলো শ্রেষ্ঠ উপহার।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
