রোহিঙ্গাদের জন্য ৮৫ হাজার ডলার সংগ্রহ করলো নর্থ ক্যারোলিনা প্রবাসীরা
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ৮৫ হাজার ডলারের (৬৫ লাখ টাকারও বেশি) তহবিল সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় সময় রোববার নর্থ ক্যারোলিনার ট্রাইঅ্যাঙ্গেল এলাকায় রোহিঙ্গাদের জন্য ওই তহবিল সংগ্রহের সময় প্রবাসী বাঙালিদের পাশাপাশি এগিয়ে আসেন ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের সবাই।
তহবিল সংগ্রহের জন্য মাঠে নেমেছিলেন ১২৫ জনের মতো প্রবাসী বাংলাদেশি।
তাদের একজন মো. আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের এই সামান্য লোকবল নিয়ে আমরা বিপুল পরিমাণ সাড়া পেয়েছি।
“এতো কম সময়ে এই অর্থ সংগ্রহ প্রবাসে বাংলাদেশিদের দেশপ্রেম ও উদ্বিগ্নতার গভীরতা কতোটুকু তা প্রমাণ করে ।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য জরুরিভিত্তিতে তহবিল সংগ্রহের পুরো অর্থ বাংলাদেশি সেবামূলক সংস্থা নাবিকের হাতে হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গাদের এ তহবিলে সহযোগিতাকারিদের একটি তালিকা ইমেইলে পাঠিয়েছেন উদ্যোক্তারা।
ইমেইলে বলা হয়েছে, সাহায্যকারী অনেকেই নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছেন।
তবে উল্লেখযোগ্য অনুদানের একটি তালিকা দেওয়া হয়েছে। নর্থক্যারোলিনার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএএনসি) ১০ দশ হাজার ডলার এবং অ্যাপেক্স মসজিদ ১০ দশ হাজার ডলার অনুদান দিয়েছে।
তহবিল সংগ্রহের অভিজ্ঞতা জানাতে গিয়ে অন্যতম উদ্যোক্তা মো. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, “তহবিল সংগ্রহের জন্য দুপুরে খবর পেয়েই সাউথ ক্যারোলিনা থেকে ৭০ থেকে ৮০ মাইল বেগে গাড়ি চালিয়ে দীর্ঘ ৮০ মাইল ড্রাইভ করে আসেন জনৈক প্রবাসী বাংলাদেশি ।”
“তিনি নিজে ১০ হাজার ডলার দেওয়ার পাশাপাশি তহবিল সংগ্রহের কাঝেও শ্রম দেন।”
স্বল্প সময়ে এই বিপুল পরিমাণ তহবিল সংগ্রহের জন্য উদ্যোক্তা থেকে অনুদানকারী সবার আন্তরিকতার ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান আনোয়ারুল ইসলাম মুকুল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
