২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় ফোবানা সম্মেলন শেষ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র ৩১তম সম্মেলন শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 12:58 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

স্থানীয় সময় রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি সিটিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনের সমাপনী অনুষ্ঠান।

সম্মেলনের শেষ দিনে ৩২তম ফোবানা সম্মেলনের এক্সিকিউটিভ কমিটি (২০১৭-১৮) ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে চেয়ারম্যান হয়েছেন আতিকুর রহমান আতিক (ফ্লোরিডা), এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন শাহ মো.হালিম (টেক্সাস) ও যুগ্ম নির্বাহী-সচিব হিসেবে পুননির্বাচিত হয়েছেন জাকারিয়া চৌধুরী (নিউ ইয়র্ক)। 

কানাডা ও আমেরিকার বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া নেতাদের এক বৈঠকে নতুন কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও শীর্ষ তিনটি পদে একাধিক প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার (ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদ্য বিদায়ী চেয়ারম্যান) আজাদুল হক তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

অন্যদিকে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন মোহাম্মদ আলমগীর (ওয়াশিংটন ডিসি) ও ট্রেজারার পদে মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া)।

এছাড়া ফোবানা এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন চেয়ারম্যান আজাদুল হক, প্রাক্তন এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিল, ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ পদাধিকার বলে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে নতুন কমিটিতে কাজ করবেন বলে জানায় সংগঠনটি।

আগামী বছর ৩২তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। ২০১৯ সালে ৩৩তম ফোবানা সম্মেলন হবে নিউ ইয়র্কে ড্রামা সার্কেলের ব্যবস্থাপনায়- সম্মেলনের শেষ দিনে এসব সিদ্ধান্ত জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

মূলমঞ্চে আগামী বছরের আয়োজক সংগঠনকে ফোবানার পতাকা হস্তান্তর করা হয়। আটলান্টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এ সময় সকলকে আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানান।

সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও ফকির আলমগীর। এছাড়া উত্তর আমেরিকার প্রবাসী শিল্পী তাজ ও প্রমিও সঙ্গীত পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!