বাংলাদেশের পথশিশুদের পাশে পর্তুগাল প্রবাসীরা
বাংলাদেশের সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য তহবিল সংগ্রহ করতে পর্তুগালে নৈশভোজের আয়োজন করেছে ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’।
স্থানীয় সময় শনিবার রাতে পোর্তোর জাপানিজ সুসি টাপেন ইয়াকি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন পোর্তোর জইন্তা ফগ্রেসিয়া সিটি কর্পোরেশনের প্রেসিডেন্ট এন্তোনিও ফনসেকা।
বাংলাদেশের পথশিশুদের নিয়ে কাজ করা মারিয়া কনসেইসাওকে সম্মান জানিয়ে ও বাংলাদেশের পথশিশুদের সহায়তার জন্য ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’ ‘পর্তুগাল-বাংলাদেশ সলিডারিটি ডিনার’ শিরোনামে এ নৈশভোজের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পথশিশুদের সহায়তায় প্রতিষ্ঠিত ‘মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা মারিয়া কনসেইসাও। মারিয়া কনসেইসাও বাংলাদেশের পথশিশুদের নিয়ে কাজ করে পর্তুগালের বর্ষসেরা জি কিউ পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি পর্তুগালের এভারেস্ট জয়ী ও ব্রিটিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম নারী।
এ সময় পোর্তোর বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল আলিম ফাউন্ডেশনের বাচ্চাদের সহায়তায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারিয়া কনসেইসাও’র হাতে এক হাজার ইউরোর চেক তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে আগত সকল বাংলাদেশি ফাউন্ডেশনের সহায়তায় আর্থিক অনুদান দেন।
লিসবনের সিন্ট্রা শহরে জন্ম নেওয়া মারিয়া ২০০৫ সালের জুলাই মাসে ‘মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ঢাকার দক্ষিণখানের গাওয়াইরে একটি স্কুল ও ক্লিনিক দিয়ে ফাউন্ডেশনের ‘ঢাকা প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক সূচনা করেন মারিয়া। বর্তমানে ঢাকার বস্তির ১৭২ জন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে ফাউন্ডেশনটি।
এমন একটি আয়োজনের জন্য ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মারিয়া কনসেইসাও বলেন, “পর্তুগালে বাংলাদেশের কমিউনিটির সঙ্গে এক হতে পারলে আমার ভালো লাগে। আমি দীর্ঘদিন বাংলাদেশ নিয়ে কাজ করছি। আমি পর্তুগালের মেয়ে হলেও আমার সব অর্জনে পর্তুগালের পাশাপাশি বাংলাদেশকেও তুলে ধরেছি। যেকোনো প্রতিযোগিতায় আমি দু’টো পতাকা নিয়ে যাই। একটি পর্তুগালের অন্যটি বাংলাদেশের। সুযোগ পেলে আমি বাংলাদেশে নিজের দ্বৈত নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করবো।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
