‘সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা’ দিয়ে নির্বাচনের দাবি নিউ ইয়র্কে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় ‘সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা’ দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের গ্রিনহাউজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এ দাবি জানান বিএনপি নেতা ও বিরোধী দলীয় সাবেক হুইপ জয়নাল আবেদীন ফারুক।
সভায় নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে পাঁচবার এমপি নির্বাচিত হওয়া জয়নাল আবেদীন ফারুক বলেন, “সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে দেখুক-কে জয়ী হয়। দোয়া করবেন, বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হবেন-এটি খুব দূরে নয়।”
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গির সোহরাওয়ার্দির সভাপতিত্বে রোহিঙ্গা প্রসঙ্গে ফারুক বলেন, “এখন সময় হচ্ছে সকলকে ডেকে গোল-টেবিল বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি করার। কিন্তু সেটি না করে সরকার বাংলাদেশকে মিত্রহীন করছে।”
প্রধান বিচারপতি এস কে সিনহা প্রসঙ্গে জয়নাল ফারুক বলেন, “পদত্যাগ পত্রের নামে যে নাটক জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, সাত লাইনের সেই পত্রে বানান ভুল পাঁচটি। এ অবস্থায় ১৬ কোটি মানুষ লজ্জা পেলেও এটর্নি জেনারেল কিংবা আইনমন্ত্রী লজ্জা পাননি।”
জয়নাল আবেদীন ফারুক সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে আরও বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির কথিত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে কঠিন সংকটে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক সংকটের জন্যে দায়ী আওয়ামী লীগ।”
তিনি বলেন, “বিএনপি আরও ২০ বছর ক্ষমতার বাইরে থাকতে রাজি, তবে মানুষকে ভোটাধিকার দিতে হবে। নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। তবে এই সরকারের ওপর বিএনপির কোন বিশ্বাস নেই, বাংলাদেশের এক শতাংশ মানুষও তাদের ক্ষমতায় দেখতে আগ্রহী নয়।”
কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীন বলেন, “দেশের মানুষ জনগণের সরকার চায়। পরিবর্তন চায় আপামর জনতা।”
বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার বলেন, “দেশবাসীর মত আমরা প্রবাসীরাও অবাক বিস্ময়ে অবলোকন করছি প্রধান বিচারপতি এস কে সিনহার ঘটনাবলী। এভাবে বিচার বিভাগের মর্যাদা ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।”
কাজী আজম বলেন, ‘এক-এগারো পরবর্তী মঈন-ফকরুদ্দিন সরকারের বিরুদ্ধে এই প্রবাস থেকে আমরা দুর্বার আন্দোলন রচনা করেছিলাম। আবার নির্দেশ চাচ্ছি বেগম জিয়ার। জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট, কংগ্রেসের সাথে লবিং শুরু করবো সেই চেতনায়।”
জসীম ভূইয়া বলেন, “শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে বেগম জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে; এটি এখন সময়ের ব্যাপার।”
এম আজিজ বলেন, “শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ নয়-এটি প্রমাণিত সত্য।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
