অসুস্থ স্কুলছাত্রীর চিকিৎসা খরচ দেবেন সৌদি ব্যবসায়ী
দু’টি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন বাংলাদেশি স্কুলছাত্রীর চিকিৎসা খরচ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরব প্রবাসী এক ব্যবসায়ী।
কুমিল্লার লাকসাম পৌরসভার আল আমিন ইন্সটিটিউটের নবম শ্রেণীর ছাত্রী সাফা’র দু’টি কিডনি অকেজো। চলছে ডায়ালাইসিস। সাফা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
সাফার বাবা কাতার প্রবাসী সোলায়মান আলী মেয়ের চিকিৎসায় সাহায্য চেয়ে স্থানীয় পত্রিকাগুলোতে জানান, দু’টি কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ২০ লাখ টাকা লাগবে বলে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতাল জানিয়েছে।
সাফার চিকিৎসার পুরো খরচ দেওয়ার ঘোষণা দেন মক্কা প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান সুমন।
মিজানুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ। তিনি মক্কা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।
আরেক মক্কা প্রবাসী মো. মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ী মিজানুর রহমান সুমন সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসায় ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
