শারজায় বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন সংগঠন
সংযুক্ত আরব আমিরাতে ‘শারজাহ প্রবাসী ব্যবসায়ী ফোরাম’ নামে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন একটি সংগঠন গঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির শারজা রেডিসন ব্লু হোটেলে ২০১৭-২০১৮ সালের জন্য সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে লায়ন নজরুল ইসলামকে সভাপতি, আব্দুল্লাহ আল মামুনকে জেষ্ঠ্য সহ সভাপতি ও শামস আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুছ গনি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান ও ‘দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ এর সভাপতি মাহতাবুর রহমান নাছির।
মাহতাবুর রহমান বলেন, “সরকার বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি প্রবাসীকে কিছু অর্থনৈতিক প্রণোদনা দিলে ৩৩ বিলিয়নের রেমিটেন্স দ্বিগুণ হবে।”
তিনি বলেন, “প্রবাসীদের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে যে ডলার আসে তার বায়িং রেট ৮০ টাকা থেকে ৮০.৫০টাকা, সেলিং রেট ৮৩ টাকা। সরকার যদি সেলিং রেটে অনাবাসী বাংলাদেশিদের পাঠানো ডলার কিনে একটা ন্যূনতম ট্রাঞ্জেকশান চার্জ নির্ধারণ করেন, রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ৫% ইন্সেন্টিভ দেন তাহলে হুন্ডি বন্ধ হবে।”
এনআরবি ব্যাংক চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছির
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দুবাইয়ে বাংলাদেশ কন্স্যুলেটের সাবেক বাণিজ্যিক উপদেষ্টা মাহামুদুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের জেষ্ঠ্য সহ সভাপতি আইউব আলী বাবুল ও সংগঠনের জেষ্ঠ্য সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মো. আজাদ, ওসমান গনি, কাজী মোহাম্মদ আলী, আবুল বাশার, শাহ মোহাম্মদ মাকসুদ, সাইফুদ্দিন আহমেদ, পেয়ার মোহাম্মদ, মো. আবুল বাশার, মো. এরশাদ, নুর আলম বাদশা, কামাল উদ্দিন প্রিন্স, ইব্রাহীম মুন্সী ও নাজমুল হক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
