২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোবানা সম্মেলনে প্রবাসী বিনিয়োগ বিষয়ক সেমিনার

যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ানো বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 10:58 AM

Updated : 11 Oct 2022, 02:36 PM

স্থানীয় সময় শনিবার মায়ামির হায়াত রিজেন্সি হোটেলে ‘বিলিভ ইন বাংলাদেশ-ইনভেস্ট ইন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, “বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, সমৃদ্ধি এবং লভ্যাংশের অংশীদার হওয়ার মাধ্যমে কোটি মানুষের জীবনমানের পরিবর্তন আনার প্রচেষ্টায় শরিক হওয়ার সময় এসেছে।”

বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বিদেশি ব্যবসায়ীদের জন্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধা প্রসঙ্গে বলেন, “আইন করে বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া, ট্যাক্স হলিডে, যন্ত্রপাতি আমদানিতে কর রেয়াত, রয়্যালটির রেমিটেন্স, শতভাগ বিদেশি বিনিয়োগ, অনিয়ন্ত্রিত প্রত্যাহার নীতি, লভ্যাংশ ও পুঁজি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুবিধাসহ অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের ওষুধ শিল্প দেশের শতকরা ৯৭ ভাগ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিশ্বের ৯২টি দেশে রপ্তানি হচ্ছে।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী মূল বক্তব্য উপস্থাপন করেন ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীনও আলোচনায় অংশ নেন।

আনির চৌধুরী বলেন, “প্রিয় মাতৃভূমির সার্বিক কল্যাণে আগ্রহী প্রবাসীরা তিনভাবে সহযোগিতা করতে পারেন। প্রথমত উদ্যোক্তা-বিনিয়োগকারী হিসেবে, দ্বিতীয়ত সেবামূলক প্রকল্প গ্রহণ এবং তৃতীয়ত প্রবাসের অভিজ্ঞতা নিজ দেশের উন্নয়ন-প্রক্রিয়ায় সম্পৃক্ত করা।”

সেমিনারের প্রধান আলোচক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, “আমিও প্রবাসী ছিলাম। অর্থাৎ এনআরবি ছিলাম। এখন আরবি হিসেবে অবস্থান করছি বাংলাদেশে। আড়াই লাখ টাকা নিয়ে দেশে ফিরে লাখ টাকায় একটি গাড়ি কিনেছি। অবশিষ্ট দেড় লাখ টাকায় ব্যবসা আরম্ভ করেছিলাম মধ্যপ্রাচ্যে। এভাবেই ক্রমান্বয়ে আজকের অবস্থানে উন্নীত হতে পেরেছি।”

এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিজাম চৌধুরী ভারতীয় প্রবাসীদের প্রতিষ্ঠিত একটি ব্যাংকের প্রসঙ্গ টেনে বলেন, “সেই ব্যাংকটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে। সে আলোকেই আমি এনআরবি গ্লোবাল ব্যাংক প্রতিষ্ঠা করেছি এবং প্রবাসীদের সম্পৃক্ত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি।”

‘পিপল এন টেক’-এর প্রধান নির্বাহী আবু হানিফ বলেন, “তিন বছর আগে ঢাকায় পিপল এন টেক ইন্সটিটিউট চালু করেছি। অভিবাসন মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসবেন-এমন বাংলাদেশিদের সেখানেই মার্কিন আইটি সেক্টরে চাকরির উপযোগী প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের পরিপূরক বিভিন্ন প্রকল্পেও কাজের চেষ্টা করছি। আর এভাবেই বাংলাদেশে স্থায়ীভাবে কিছু করতে আগ্রহবোধ করছি।”

আলোচনায় আরও  অংশ নেন একিউজিশনের সিইও মাইক পাটেল, এনএইচসিজি গ্রুপের সিনিয়র অ্যাসোসিয়েট উইলিয়াম হ্যামিলটন, জিআরপি ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার রিক পাটেল ও আলফা কন্সট্রাকসনের সিইও মাইক সারোনা।

ফোবানার নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও এনআরবি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী বলেন, “শুধু গান আর  আড্ডা নয়, মাতৃভূমিতে প্রবাসীদের বিনিয়োগের আগ্রহ সৃষ্টি করে, এমন আলোচনা অন্য সব সমাবেশেও করা উচিত।”

বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান বলেন, “ফেলে আসা বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে প্রতিটি প্রবাসী আজ ঐক্যবদ্ধ। ফোবানার সম্মেলনে এমন আলোচনা তারই বহিঃপ্রকাশ ঘটালো।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!