২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডে মসজিদে তাণ্ডব, বিএনপি সভাপতি গ্রেপ্তার

ফিনল্যান্ডে নারী নির্যাতনের একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরে মসজিদ প্রাঙ্গণে ব্যাপক তাণ্ডব চালিয়েছে মামলার প্রধান আসামি ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি ও তার অনুসারীরা।

এহেছান লেনিন

ফিনল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 04:37 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

এ ঘটনায় জনিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সামসুল নামের ওই বাংলাদেশির মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুরে হেলসিংকির কনতুলা মসজিদ প্রাঙ্গণের এ ঘটনার সচিত্র প্রতিবেদন ফিনল্যান্ডের প্রায় প্রতিটি জাতীয় দৈনিক ও টেলিভিশন ফলাও করে প্রচার করে।

পুলিশ বলছে, ওই হামলায় অন্তত ৬০ জন অংশ নেয়, যাকে ‘নজিরবিহীন’ ঘটনা হিসেবে দেখছেন তারা।

সম্প্রতি তুর্কু মার্কেট স্কয়ারে এক সন্ত্রাসী হামলার পর ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীরা এমনিতেই বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন। মরক্কোর এক নাগরিকের ওই ছোরা হামলায় দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

শুক্রবারের ঘটনার পর বাংলাদেশিদের মধ্যেও অস্বস্তি বিরাজ করছে। কেউ কেউ ঘটনার পর বাংলাদেশিদের করা ওই মসজিদ থাকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।     

জনি ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন জুলফিকার আশরাফ সাগর, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ ও জাকির হোসেন।

একটি সূত্র জানিয়েছে এ ঘটনায় ওই পাঁচজনের কথা পুলিশের পক্ষ থেকে বলা হলেও জনির ভাগ্নে ‘লিউ’ নামের আরও একজন গ্রেপ্তার হয়েছেন।

নারী নির্যাতন ছাড়াও বেশ কয়েকটি মামলায় এর আগেও বিভিন্ন সময় ফিনল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন কামরুল হাসান জনি। তার বিরুদ্ধে একটি মামলার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ মাসেই ওই মামলার রায় ঘোষণার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে নারী নির্যাতনের মামলায় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে জনি ও তার অনুসারীরা সাক্ষীদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হাতে গলফ স্টিক, হকি স্টিক ছাড়াও লাঠিসোটা দেখা যায়।

ঘটনার সময় ফিনল্যান্ড বিএনপি সভাপতির সঙ্গে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও দেখা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। তবে তাদের কেউই নাম প্রকাশ করতে রাজি হননি।   

হেলসিংকি পুলিশের সুপারিনটেন্ডেন্ট ইয়োরমা মাক্কোনেন জানান, বেলা দু’টার দিতে তারা যখন ঘটনাস্থলে পৌঁছেন তখন সেখানে অন্তত ৬০ জনকে পেয়েছেন। যদিও সবাই ওই সংঘর্ষে অংশ নেননি বলে তার ভাষ্য।

মসজিদ প্রাঙ্গণে মারামারির কথা পুলিশ নিশ্চিত করলেও তা মসজিদের ভেতরেও হয়েছে কিনা তা এড়িয়ে যান পুলিশ কর্মকর্তা মাক্কোনেন।

“আমরা ঘটনাস্থল থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা ছাড়াও তাদের কাছ থেকে গলফ স্টিক, লাঠিসোটা জব্ধ করেছি। আমরা শুনেছি অন্তর্কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।”  

মাক্কোনেন জানান, অভিযান শেষে বিকাল ছয়টার দিকে তারা ওই এলাকা শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের খবর পেয়ে অন্তত এক ডজন গাড়ি নিয়ে অর্ধ শতাধিক পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। জনি ও তার অনুসারীরা মসজিদ ও বেইজমেন্টে আত্মগোপন করলে দরজা ভেঙে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রধান বিচারক পাসি হ্যুরোলাইনেন ঘটনার ব্যাপকতা বর্ণনা করতে গিয়ে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘পিপার স্পে’ ব্যবহার করতে হয়েছে।

সন্ধ্যার পরও কনতুলার ওই এলাকায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পাশাপাশি সেখানে সবধরনের যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!