২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি সিনহার ‘প্রকৃত তথ্য’ প্রকাশের দাবি নিউ ইয়র্কে

ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাপারে ‘প্রকৃত তথ্য’ প্রকাশ করার দাবি জানিয়েছে নিউ ইয়র্কে ‘বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 02:43 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে অনুষ্ঠিত সভায় এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জেষ্ঠ্য সহ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “অবিলম্বে প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করা না হলে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করা সম্ভব হবে না।

“এটা ব্যক্তি এস কে সিনহার জন্য প্রতিবাদ নয়, এটা হচ্ছে বাংলদেশের সর্বোচ্চ আদালতের প্রতি অবৈধ সরকারের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ।”

সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি তারিক চৌধুরী দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউল আলমের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হক, বিএনপি নেতা মার্শাল মুরাদ, মিরসরাই সমিতির সভাপতি ও কম্যুনিটি কর্মী কাজী নয়ন।

কাজী আজম বলেন, “আজ বাংলাদেশের সর্বাঙ্গে দুর্নীতি, গুম, খুন আর অপশাসন ছাড়া কিছুই নেই। দেশের ১৭ কোটি মানুষ আজ অবৈধ সরকারের হাতে জিম্মি। এ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।”  

কাজী নয়ন অভিযোগ করে বলেন, “এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করেছে এবং উনিশবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমার এয়ারফোর্স বাংলাদেশে টহল দিতে সক্ষম হয়েছে।”

গত অগাস্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর থেকে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে রয়েছেন বিচারপতি সিনহা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!