‘প্রবাসীরা এগোলে বাংলাদেশ এগোবে’
‘প্রবাসীরা এগোলে বাংলাদেশ এগোবে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এ মোমেন।
স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে ও সৈয়দ বসারত আলীর সভাপতিত্বে তাকে দেওয়া এক ‘নাগরিক সংবর্ধনা’য় তিনি এ মন্তব্য করেন।
প্রবাসীদের নিজের জন্মভূমিতে বিনিয়োগের আহ্বান জানিয়ে মোমেন বলেন, “বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে। ইতোমধ্যে অনেকে তার সুফল পেতে শুরু করেছেন। প্রবাসীরা আরো এগিয়ে গেলে বাংলাদেশও এগিয়ে যাবে।”
২০০৯ সালে অধ্যাপনা পেশা ছেড়ে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিয়েছিলেন মোমেন। টানা ছয় বছর সে দায়িত্ব পালন করে বাংলাদেশে ফিরেছেন ২০১৫ সালে। প্রবাসী অনেকের ধারণা, বাংলাদেশে নিজ এলাকায় রাজনীতিতে সক্রিয় হতে পারেন তিনি।
“আমি সবসময়ই প্রবাসের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে থাকি। প্রবাসীদের দেশপ্রেমের জুড়ি নেই- এটা ভালো করেই অনুধাবন করি।”
সাবেক এ রাষ্ট্রদূত বলেন, “গত ৯ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটেছে, সিলেটসহ সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা এখন আর কেউই অস্বীকার করতে পারেন না।
“জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অবদান ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে ভূমিকার জন্য শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলে প্রকারান্তরে নোবেল কমিটিই গৌরবান্বিত হবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক এনাম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, কম্যুনিটি নেতা এম এ সালাম ও রানা ফেরদৌস চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
