২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে শনিবার শুরু ‘বাংলাদেশ ফ্যাশন উইক’

বাংলাদেশি বংশোদ্ভুত ১৪ জন ফ্যাশন ডিজাইনারের অংশগ্রহণে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফ্যাশন উইক, লন্ডন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 07:56 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

স্থানীয় সময় শনিবার লন্ডনের কানারি হোয়ার্ফের ইস্ট উইনটারগার্ডেন হলে দ্বিতীয়বারের মতো ওই ফ্যাশন শো আয়োজনের সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে বলে অনুষ্ঠানের মূল আয়োজক ব্রিটিশ বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল (বিবিএফসি) জানিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, বাংলাদেশি বংশোদ্ভুত ফ্যাশন ডিজাইনারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ ফ্যাশন উইক’-এ এবার ৮ জন ফ্যাশন ডিজাইনার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন। বাকি ছয়জনের একজন দুবাই থেকে এবং পাঁচজন লন্ডন থেকে অংশ নিবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশ থেকে যাওয়া ফ্যাশন ডিজাইনাররা হলেন- চন্দ্র দেওয়ান চন্দন, কুহু প্লামান্দন, লিপি খন্দকার, মাহিন খান, মেহরুজ মুনীর, রিনা লতিফ, সাহার রাহমান এবং মেহজাবিন মুস্তাফিজ সিমিলি।

দুবাই থেকে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ফ্যাশন ডিজাইনার নিহারিকা মমতাজ।

এছাড়া অংশগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনাররা হলেন- আশেকা হোসাইন, ফরিদা রশিদ, হুসনেয়ারা চৌধুরী, মির্জা মিয়া এবং শানিতা আক্তার।

আয়োজক বিবিএফসি একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, যারা মূলত বাংলাদেশি গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও ফ্যাশন পণ্যের প্রসারে কাজ করে যাচ্ছে।

২০১৬ সালে বিবিএফসির আয়োজনে প্রথমবারের মতো লন্ডনে ‘বাংলাদেশি ফ্যাশন উইক’ আয়োজন করা হয়েছিলো। প্রথমবার বিবি রাসেলসহ আরও আটজন বাংলাদেশি বংশোদ্ভুত ডিজাইনার অনুষ্ঠানে অংশ নেয়।         

এবারের আয়োজনে ১৪ জন ফ্যাশন ডিজাইনার ছাড়াও ৪০ জন মডেল এবং ৫০ জনেরও বেশি মেকাপ আর্টিস্ট অংশ নিচ্ছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!