সাগরপথে মালয়েশিয়ায় ঢুকতে ৯ বাংলাদেশি আটক
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় ঢোকার পথে ৯ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।
আটক বাংলাদেশিদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে।
গত বৃহস্পতিবার দুপুরে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে মালাক্কা প্রদেশের একটি সেনা ক্যাম্পের কাছে তাদের গ্রেপ্তার করা হয় বলে মালয়েশিয়ার স্থানীয় পত্রিকাগুলোতে খবরটি এসেছে।
মঙ্গলবার মালাক্কা প্রদেশের পুলিশ প্রধান আবদুল জলিল হাসান দেশটির স্ট্রেইটস টাইমস পত্রিকাকে বলেন, “তেরেন্দা ক্যাম্পের উপকূলে অবৈধভাবে ৯ অভিবাসন প্রত্যাশী ঢুকলে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে। আটক বাংলাদেশিদের বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে।”
সন্দেহভাজনদের অবৈধ মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী স্থানীয় আইনের ২৬-এ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
বার্নামা পত্রিকার প্রতিবেদনে বলা হয়, একটি নৌকা ভুলক্রমে মালাক্কার তেরেন্দা সৈকতের কাছে সেনা ক্যাম্পে ভিড়লে সেখানে কর্তব্যরত এক সেনা কর্মকর্তা দেখতে পান।
এসময় সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
