২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেখ হাসিনার নির্দেশ, আগে ভদ্র হতে হবে’

আওয়ামী রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী হতে গেলে ‘শেখ হাসিনার নির্দেশ, আগে ভদ্র হতে হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদের মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 05:07 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে বঙ্গবন্ধু প্রজন্মলীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের এ আইনবিষয়ক সম্পাদক বলেন, “সভানেত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী রাজনীতিতে আমাদের প্রত্যেককে আচার-আচরণে আগে ভদ্র হতে হবে, মানবিক গুণাবলীর প্রকাশ ঘটাতে হবে। তাহলেই আমরা জাতির পিতার গড়া সংগঠন আওয়ামী লীগের সত্যিকারের নেতা-কর্মী হতে পারবো।”

সাংবাদিক ও কম্যুনিটি কর্মী আলমগীর কবীরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

তিনি বলেন, “হাতে হাত রেখে মানববন্ধন করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে বঙ্গবন্ধুর সৈনিকেরা। একইভাবে হাইব্রিড নেতারা যদি শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করার মতলবে লিপ্ত হয় তাহলে সেটি প্রতিরোধে সোচ্চার থাকবে তৃণমূলের নেতা-কর্মীরা।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। এমন গুণাবলীর নেতা বিশ্বে খুব কম রাজনৈতিক দলেই রয়েছে। এজন্য তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত করছে আন্তর্জাতিক মিডিয়াগুলো।”

সমাবেশে আরও বক্তব্য দেন- সাংবাদিক শামীম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রাফায়েত চৌধুরী, নজরুল ইসলাম, হুমায়ূন কবীর ও আবুল বাশার ভূইয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!