২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগাল দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের অভ্যর্থনা

পর্তুগালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীদের অভ্যর্থনা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 04:22 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় রোববার লিসবনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকীর বাংলাদেশ হাউসে এ অভ্যর্থনার আয়োজন করা হয়।

এতে বাংলাদেশি শিক্ষার্থী ছাড়াও অংশ নেন- পর্তুগিজ শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাবিদসহ বাংলাদেশি কমিনিউটির নেতা-কর্মীরা।

রাষ্ট্রদূতের শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর অতিথিদের দেশিয় খাবার চটপটি, পেঁয়াজু, চানাচুর, লাড্ডু, পিঠা ও পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়। বাংলাদেশি শিক্ষার্থী ও পর্তুগালের শিক্ষাবিদদের উপস্থিতিতে এসময় বাংলাদেশ হাউসের চত্বরটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার মাঝে তাদের খোঁজ-খবর নেন ও বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন। রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যায় শিক্ষার্থীদের পর্তুগালে পড়তে আসার জন্য উৎসাহিত করতে বর্তমান শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেন।

এরপর বাংলাদেশি শিক্ষার্থী অনিক রায় ও তার সঙ্গীদের ঢোল, মন্দিরা ও কাঁসার বাদ্যের তালে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নোভা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী কে. এম মোস্তফা আনোয়ার স্বপনের যন্ত্র-সঙ্গীরা শাস্ত্রীয় ও রবীন্দ্র সঙ্গীত শোনান।

লোকসঙ্গীত শোনান সাংবাদিক নাইম হাসান পাভেল। চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থী রাখি চন্দ রায় রবীন্দ্র সঙ্গীত এবং বাংলাদেশি শিক্ষার্থী সুমাইয়া ও সাবিনা নাচ পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!