অস্ট্রেলিয়ায় প্রবাসী ক্রিকেটারদের সম্মাননা
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী ক্রিকেটারদের সম্মাননা দিয়েছে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন’।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সিডনির রিভারউডের একটি ক্লাবে খেলোয়াড়দের সম্মাননা দিতে ‘এবিএসসিএ ক্রিকেটার্স নাইট’ এর আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান বাবলু চৌধুরী উপস্থিতে এতে স্বাগত বক্তব্য দেন নাসিম সামাদ।
অস্ট্রেলিয়ায় প্রবাসী প্রজন্মের মধ্যে ক্রিকেট ছড়িয়ে দিতে সিডনিতে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের (এবিএসসিএ) উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হয় ‘বিডি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’। এতে অংশ নেয় অনেক প্রবাসী ক্লাব।
অনুষ্ঠানে গত মৌসুমের চ্যাম্পিয়ন দল পিফি (পিআইএফআই) ও রানার্সআপ সিডনি বার্নাসের হাতে ট্রফি ও চেক তুলে দেওয়া হয়। এছাড়া সেরা ক্রিকেটার, বোলার ও ব্যাটসম্যানদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য সাংসদ, বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন ব্যক্তিরাসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এদিকে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সহকারী সাধারণ সম্পাদক আউয়াল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করে বলেন, “অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিশেষ করে ছবি তুলতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। এসময় একাধিক কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।”
এ ঘটনায় সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
আয়োজকরা জানান, এ বছরের বিডি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ অক্টোবর থেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
