২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসের দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 12:15 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ম্যাকলিন সিটিতে টাইসন বুলেভার্ডে অবস্থিত রিটজ কার্লটন হোটেলের সুইটে যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাকর্মীদের সাক্ষাৎ করেন শেখ হাসিনা।  

সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান ও সামনের নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে জোট গড়ার কথা বললেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে যে সাড়া পড়েছে, তার সমর্থনে প্রবাসীদেরকেও সোচ্চার থাকার কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সমন্বয়ে প্রথমেই ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের ৩০ জন কথা বলেন শেখ হাসিনার সাথে।

এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাদেক খান, ভাইস প্রেসিডেন্ট শিব্বির আহমেদ, আনোয়ার হোসেন, আকতার হোসেন, মুজিবর রহমান ও নূরল আমিন, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকি, সহ-সম্পাদক হারুন অর রশীদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক মইনুল তাপস ও জ্যেষ্ঠ নেতা খন্দকার মনসুর। উপস্থিত ছিলেন ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ, সহ-সভাপতি আবুল হাশেম ও সেক্রেটারি আমর ইসলাম।

এরপর নিউ ইয়র্ক মহানগর, নিউ ইয়র্ক স্টেট, বস্টন, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।

এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এমদাদ চৌধুরী ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল ।

মহিলা আওয়ামী লীগের নেতা মমতাজ শাহানা, মোর্শেদা জামান, ফারহানা হানিফ ও লিপিসহ অনেকেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। শ্রমিক লীগ ও যুবলীগের কয়েকজন নেতাও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দেওয়ার দাবি জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটিতে অধিক সংখ্যক মহিলার অন্তর্ভুক্তির দাবি জানালে শেখ হাসিনা বলেন, “মহিলারা তো মহিলা আওয়ামী লীগেই রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে তো কয়েকজন মহিলা রয়েছেনও।”

এরপর শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় চলে যাওয়ায় স্বেচ্ছাসেবক লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে পারেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তা সফলতার সাথে বাস্তবায়িত করার জন্যে সকলের দোয়া চেয়েছেন।

শেখ হাসিনার সাথে নেতাকর্মীদের সাক্ষাৎ ও মতবিনিময় করার সময় উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের শীর্ষ কর্মকর্তারা।

এদিকে, শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্যে জড়ো হওয়া কয়েকশ’ নেতাকর্মী টাইসন বুলেভার্ডে ‘শান্তি সমাবেশ’ করেন।

শান্তি সমাবেশে নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আব্দুস সোবহান গোলাপ, সিদ্দিকুর রহমান, খন্দকার মনসুর, নিজাম চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, আকতার হোসেন, মোহাম্মদ ফারুক, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, তৈয়বুর রহমান টনি, শাহ বখতিয়ার, হাজী এনাম, ফরিদ আলম, মিসবাহ আহমেদ, শাহানারা রহমান, সোলায়মান আলী, হিন্দাল কাদির বাপ্পা ও খোরশেদ খন্দকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সেক্রেটারি এমদাদ চৌধুরী, সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সহ-সভাপতি দরুদ মিয়া রনেল, সেক্রেটারি সুবল দেবনাথ, মহিলা আওয়ামী লীগের মমতাজ শাহনাজ, মোর্শেদা জামান ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের ফারহানা হানিফ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!