মরুর দেশে বাংলাদেশিদের দুর্গোৎসব
মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে দুর্গাপূজা উদযাপন করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।
দেশটির ‘গার্ডেন সিটি’ খ্যাত আল আইন শহরে ‘দুর্গাপূজা উদযাপন পরিষদ’ ও ‘লোকনাথ মন্দির পূজা উদযাপন পরিষদ’ এর উদ্যোগে ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মাধ্যমে পালিত হয় এ দুর্গোৎসব।
প্রবাসী বাংলাদেশি তিশা সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতীয়রা অনেক জায়গায় আয়োজন করলেও বাংলাদেশিরা একমাত্র আল আইনে প্রতিবছর এ আয়োজন করে আসছেন। এবার বাংলাদেশিদের ছিলো দুটো পূজামণ্ডপ।”
‘সংহতি সাহিত্য পরিষদ’ আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, “এতো সুন্দর পূজা উদযাপন করার সুযোগ দেওয়ায় পূজা কমিটিকে ধন্যবাদ। বাংলাদেশ একটি অসাম্প্রাদায়িক দেশ। আগামীতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে ভিনদেশেও পূজা আরো সমৃদ্ধ হবে।”
এদিকে পূজা উপলক্ষে দুটো মন্দিরে চলে আলোচনা সভা। ‘পূজা উদযাপন পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাদল রায়। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর চক্রবর্তী।
অপরদিকে ‘লোকনাথ মন্দির পূজা উদযাপন পরিষদ’ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন- পরিষদের সভাপতি বাবু সন্জিত মহাজন, সাধারণ সম্পাদক লিটন শীল, মিন্টু মল্লিক, সুজন দত্ত, সন্জিত দেবনাথ, সংকর সেন, কমল নম ও বিশু শীল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
