২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব বিশ্বে বাংলা ছায়াছবি, উল্লসিত প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের ছবিঘরগুলোয় হলিউড-বলিউডের চলচ্চিত্র, এমনকি ভারতের অঞ্চলভিত্তিক ছবি তামিল, তেলেগু, মালায়লামসহ মিশরিয় ও অন্যান্য আরব ভাষাভাষী চলচ্চিত্রের প্রদর্শনী হলেও বাংলা ছায়াছবি প্রদর্শনীর কোন উদ্যোগ এতোদিন ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 02:51 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

অথচ বাংলাদেশিরা এদেশে তৃতীয় বৃহত্তম প্রবাসী কম্যুনিটি। আশির দশকে অনিয়মিত কিছু বাংলা ছবি প্রদর্শিত হলেও তা স্থায়ীত্ব পায়নি। এতে করে বাংলাভাষী প্রবাসীদের বিনোদন চাহিদায় একটা শূন্যতা তৈরি হয়।

Image
ছবি কৃতজ্ঞতা: লেখক

ছবি কৃতজ্ঞতা: লেখক

দেরিতে হলেও এ ঘাটতি পূরণের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের বিনোদন বাজারে বাংলাদেশের একটি শক্তিশালী বাজার গড়ার লক্ষ্যে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এই প্রথম সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে দেশিয় চলচ্চিত্র আনার পদক্ষেপ নিয়েছে।

এরই অংশ হিসেবে গত ১২ ও ১৩ মে দেশটির আবুধাবি, দুবাই, আজমান ও ফুজেইরাহর ভক্স সিনেমায় পরিবেশিত হয় প্রথম বাংলাদেশি সায়েন্স ফিকশান ছবি ‘পরবাসিনী’।

আগামী ৬ অক্টোবর থেকে একই প্রতিষ্ঠানের ব্যানারে প্রদর্শিত হতে যাচ্ছে গত ঈদে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘নবাব’। এ ছবিটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আলোচিত ছিল। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব ও শুভশ্রী। ৬ অক্টোবর থেকে ছবিটি চলবে দুবাইয়ের ভক্স দেইরা সিনেমা ও আবুধাবির মেরিনা মল এর ভক্স সিনেমায়।

Image
ছবি কৃতজ্ঞতা: লেখক

ছবি কৃতজ্ঞতা: লেখক

এ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে আবুধাবি এভারফ্রেশ রেস্টুরেন্টে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র মধ্যপ্রাচ্য সমন্বয়কারী আহমেদ ইখতিয়ার পাভেলের সভাপতিত্বে একটি জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- জাহাঙ্গীর কবীর বাপপি, বেলায়েত হোসেন হিরো, রুহুল আমিন ও মোহাম্মদ টিটু।

এর আগে বিকেলে দুবাইর ‘সংহতি সাহিত্য পরিষদ’ ও ‘মহিলা সমিতি’র সাথেও জনসংযোগ সভা করেছে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’। এছাড়া আজ রোববার সন্ধ্যায় দুবাই ও শারজায় দু’টি সভার আয়োজন করা হয়েছে।

Image
ছবি কৃতজ্ঞতা: লেখক

ছবি কৃতজ্ঞতা: লেখক

মাঝখানে কিছুটা থমকে গেলেও ২০১৫ সাল থেকে ফের পালাবদল শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের। চলচ্চিত্রের গুণ ও মানের দিকে এসেছে পরিবর্তন। ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর কর্মকর্তারা জানান, তাদের সংগঠন বিশ্বাস করে যেখানে ভারতের প্রদেশভিত্তিক ছায়াছবিগুলোও সংযুক্ত আরব আমিরাতসহ দেশের বাইরে অবস্থান নিয়েছে সেখানে জাতি হিসেবে আমাদের পিছিয়ে থাকার কোন উপায় নেই।

সুস্থ ও বিনোদনধর্মী ছবি আমিরাতসহ বহির্বিশ্বে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ববাজারে নিয়ে আসা এবং প্রবাসীদের বাংলাদেশ সংলগ্ন রাখার এ উদ্যোগকে প্রবাসীরা স্বাগত জানিয়েছেন।

বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছায়াছবি দেখতে পেরে প্রবাসীরা আনন্দিত। ভবিষ্যতে এ উদ্যোগের মাধ্যমে আরো ভালো বাংলা ছবি দেখার আশা করছেন তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!