২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশিসহ আটক প্রায় ১০০ শ্রমিক

বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশিসহ প্রায় ১০০ জন অভিবাসীকে বিশেষ অভিযানে আটক করেছে মালদ্বীপ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 05:06 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাজধানী মালের জিকরা মসজিদের রাস্তায় এ বিশেষ অভিযান চালানো হয় বলে মালদ্বীপের স্থানীয় পত্রিকাগুলোতে খবরটি এসেছে।

মালদ্বীপ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে প্রায় ১ লাখ ৩০ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করে বলে মনে করা হয়। এর মধ্যে নথিভুক্ত নয় এমন ৬০ হাজার শ্রমিক রয়েছে যাদের অধিকাংশই বাংলাদেশি ও ভারতীয়। এরা নির্মাণ ও পর্যটন খাতে কাজ করছে।

বাংলাদেশি প্রবাসীরা জানান, আটক হওয়া অবৈধ অভিবাসীদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তবে ঠিক কতোজন রয়েছে বা তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

মালদ্বীপ অভিবাসন বিভাগের গণসংযোগ কর্মকর্তা হাসান খলিল বলেন, “অবৈধ অভিবাসী গ্রেপ্তারের এ অভিযান মালদ্বীপ পুলিশ ও মালদ্বীপ অভিবাসন বিভাগ যৌথভাবে পরিচালনা করেছে। এটি একটি নিয়মিত পরিদর্শন, কোন অভিযোগের ভিত্তিতে নয়।”

“আমরা সাধারণত হটস্পট লক্ষ্য করে থাকি, যেখানে সাধারণত প্রবাসী কর্মীরা প্রতিদিন সকালে জড়ো হয়। আমরা এ অভিযানে মূলত যারা আইডি কার্ড দেখাতে পারছে না, যাদের আইডি কার্ড নেই ও যাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের তল্লাশি করি।”

মালদ্বীপ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ ডিসেম্বর মাসে একই রকমের যৌথ অভিযানে মালের কার্নিভালের ক্যাফেতে কর্মরত ৫০ জন প্রবাসী কর্মীকে আটক করা হয়েছিল।

গত বছর নভেম্বরে যৌনকর্মী পাচারের অভিযোগে তিন বাংলাদেশিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছিলো দেশটির আদালত। ২০১৩ সালে পাশ হওয়া এ মানব পাচার আইনে এখন পর্যন্ত মালদ্বীপের কোন নাগরিক অভিযুক্ত হননি।

ভিসা লঙ্ঘন বা ফৌজদারী অপরাধের জন্য অভিযানে গ্রেপ্তার হওয়া অনুনমোদিত অভিবাসীদের দেশত্যাগ না হওয়া পর্যন্ত দেশটির হুলুমাল দ্বীপের আটককেন্দ্রে রাখা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!