প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ওয়াশিংটনে দোয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও অস্ত্রোপচারের পর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এ উপলক্ষে এক দোয়া এর আয়োজন করা হয়।
বাংলাদেশের বন্যার্ত এবং রোহিঙ্গা শরনার্ধীদের কথা বিবেচনায় রেখে জন্মদিনের সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে বাতিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ।
অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আযাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, কামাল হোসেন, আজম আযাদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ, সহ সভাপতি আবুল কালাম আযাদ, মেরিল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম, জীবক বড়ুয়া, ওয়াশিংটনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম জি আই রাসেলসহ অন্যান্যরা।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সোবহান গোলাপ বলেন, “জননেত্রী শেখ হাসিনা বাংলার গরীব দু:খী সাধারণ মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। বাংলার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তাদের মুখে এক মুঠো ভাত তুলে দেয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করে চলেছেন।
“ষড়যন্ত্রকারীরা এই পর্যন্ত কমপক্ষে বাইশবার হামলা চালিয়েছে জননেত্রীকে শেষ করার জন্যে। তা সত্বেও তিনি থেমে থাকেননি। দিনরাত পরিশ্রম করে দেশকে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত করার কাজে লিপ্ত রয়েছেন।”
তিনি আরও বলেন, “তার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সারা বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়ে উন্নত অন্য এক বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
