সহকর্মীকে লাঞ্ছনা: প্রবাসী সাংবাদিক দর্পণ কবীরকে আদালতে হাজিরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’-এর সভায় আরেক সাংবাদিককে ‘লাঞ্ছিত’ করার মামলায় প্রবাসী সাংবাদিক দর্পণ কবীরকে আবারও কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, অভিযুক্ত দর্পণ কবীরের আদালতে হাজিরার তারিখ পড়েছে ৩১ অক্টোবর। গত ১১ সেপ্টেম্বর এ মামলার সর্বশেষ তারিখ ছিল।
চলতি বছরের ১৫ জানুয়ারি বিকেলে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নিবাহী কমিটির সভায় ক্লাবের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব দাবি করলে সাধারণ সম্পাদক দর্পণ কবীর তেড়ে যান ক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামের দিকে।
এসময় সৃষ্ট বাক-বিতণ্ডার এক পর্যায়ে শহিদুলকে লাথি মারতেও দ্বিধা করেননি দর্পণ কবীর। পরে আহত অবস্থায় দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহিদুলকে অ্যাম্বুলেন্সে করে কাছের হাসপাতালে নেওয়া হয়।
পরে নিউ ইয়র্ক পুলিশের তদন্ত কর্মকর্তারা মেডিকেল রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় ডিগ্রির লাঞ্ছিত এবং হয়রানির মামলায় অভিযোগপত্র দায়ের করেন।
দর্পণ কবীর এবং শহিদুল ঘনিষ্ঠ নিউ ইয়র্কের সাংবাদিক মহলে বন্ধু হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু ক্লাবের অসাংগঠনিক কার্যক্রম, অনিয়ম ও হিসাব নিয়ে শহিদুল প্রশ্ন করায় দর্পণ কবীরের সাথে সম্পর্কের অবনতি হয়।
দর্পণ কবীর দীর্ঘদিন এটিএন বাংলার প্রতিনিধি হিসেবে কাজ করলেও, সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন জানিয়েছেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দর্পণ কবীরকে শহিদুলের একশ’ গজ দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
