২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে নতুন ট্যাক্স আইন, উৎকণ্ঠায় প্রবাসীরা

সৌদি আরবে চৌদ্দ বছর ও সংযুক্ত আরব আমিরাতে বাইশ বছরসহ মোট ৩৬ বছরের প্রবাস জীবন নারায়ণগঞ্জ জেলার নবীগঞ্জের ইস্রাফিল আলীর (৫৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 04:50 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

যখন বিদেশে পাড়ি জমান জীবনের যুদ্ধ শুরুর বয়স তখনো হয়নি তার। অফিসের সুবিধার জন্য কোম্পানির গাড়ি সঙ্গে রাখেন, আবুধাবিতে এই গাড়ির পে পার্কিং এর জন্য তাকে মাসে গুনতে হয় চার থেকে সাড়ে চারশ’ দিরহাম। থাকা-খাওয়ার খরচে যায় আরো এগারশ’ দিরহাম।

আড়াই হাজার দিরহাম বেতনের মধ্যে যা থাকে ইস্রাফিল তার পুরোটাই পাঠিয়ে দেন দেশে পরিবার পরিজনদের জন্য, তাতে কোনমতে চলে সংসার।

আগামী পহেলা জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে নতুন ট্যাক্স আর ভ্যাট আইন আসছে। বিভিন্ন পণ্য ও সেবার বাড়বে দাম, এ কথা পাড়তেই দীর্ঘশ্বাস চেপে ইস্রাফিল বলেন, “ভাই, এদেশ থেইক্যা আমাদের রিযিক উইঠ্যা যাইতাছে।”

এতো গেলো একজন নিম্ন-মধ্য আয়ের প্রবাসীর গল্প। নিম্ন আয়ের প্রবাসী যার আয় পাঁচশ’ থেকে এক হাজার দিরহাম, চড়া অভিবাসন ব্যয়ের মাশুল গুনতে যেয়ে তিন থেকে সাড়ে চার লক্ষ টাকার দেনা মাথায় নিয়ে কায়িক শ্রমের গাইতি-শাবল চালান তারা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম শেষে ক্লান্ত শ্রান্ত শরীরে ফিরে আসেন গাদাগাদি করে থাকার লেবার ক্যাম্প নামের শ্রম শিবিরে। তখন তার কাছে জীবনযাত্রার এক দিরহাম ব্যয় বাড়ার সংবাদও হয় বাড়তি উৎকণ্ঠার নাম।

নোয়াখালী হাতিয়া থানার আবদুর রহিম কাউছার, কিশোরগঞ্জ হোসেনপুরের স্বপন মিয়া, নোয়াখালী বেগমগঞ্জের জহিরুল ইসলাম ও চাঁদপুর ফরিদ্গঞ্জের নজরুল ইসলামদের জীবনে প্রবাসে এসে ভাগ্য বদলের স্বপ্ন অধরাই থেকে গেলো। আর দিনে দিনে যেভাবে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, সে তুলনায় বাড়ছে না আয়, তাতে তাদের জীবনে উঠছে নাভিশ্বাস।

আগামী পহেলা অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে সব প্রকার সিগারেট ও তামাকজাত পণ্য এবং এনার্জি ড্রিংক্স এর উপর শতভাগ কর বাড়ানো হচ্ছে। এছাড়া সফট ড্রিংক্স বা কার্বনেটেড ড্রিংক্স এর উপর কর বাড়ানো হচ্ছে ৫০ শতাংশ। এ বৃদ্ধি দেশের ফেডারেল ডিক্রি আইন নাম্বার ৭ অনুযায়ী কার্যকর হতে যাচ্ছে।

আগামী পহেলা জানুয়ারি থেকে ফেডারেল ট্যাক্স অথরিটির নতুন কর পদ্ধতির আওতায় আরো পণ্য ও সেবার উপর ভ্যাট ও ট্যাক্স জারি হচ্ছে। যেসব ব্যবসায় তিন লাখ পঁচাত্তর হাজার দিরহাম বা তার বেশি আয় হবে সে সব প্রতিষ্ঠানকে ভ্যাট এর আওতায় আনা হচ্ছে।

ট্যাক্স ফ্রি দেশ হিসেবে এতোদিন পরিচিত ছিল আমিরাত। সেখানে মূলত তেলের মূল্য কমে যাওয়ায় দেশটিকে নতুন কর পদ্ধতি চালুতে উৎসাহিত করেছে। নতুন বছর থেকে খুচরা বাজারে বিভিন্ন পণ্যের উপর ৫% ট্যাক্স আরোপ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যকে যতদূর সম্ভব এ আওতার বাইরে রাখার চেষ্টা করা হবে বলে জানা গেছে। রাখলেও কর বাড়ানোর পরোক্ষ প্রভাব সাধারণ ভোক্তাদের উপর থেকেই যাবে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবই নতুন ভ্যাট ও ট্যাক্স আইন কার্যকর করতে যাচ্ছে। আর এ দুটি দেশেই সবচেয়ে বেশি বাংলাদেশির কর্মসংস্থান রয়েছে। নতুন ট্যাক্স আইনের প্রভাব তাদের জীবন-জীবিকার ওপর পড়বে বৈকি!

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!