অস্ট্রেলিয়ায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ জাতীয়ভাবে পালনের চেষ্টায় প্রবাসীরা
অস্ট্রেলিয়ায় জাতীয়ভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ও একুশের চেতনা আরও বিশ্বব্যাপী আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ নিয়ে অস্ট্রেলিয়ারস্বেচ্ছাসেবী সংগঠন এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল এবং সেখানে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ এক বৈঠক করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়ান ফেডারেল এমপি এবং হাউজ অব রিপ্রেজেনটেটিভস-এ স্ট্যান্ডিং কমিটির উপপ্রধান ম্যাট থিস্টলথওয়েট এর সিডনির কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্বের সব গ্রন্থাগারে একুশে কর্নার প্রতিষ্ঠা, মাতৃভাষা সংরক্ষণ, কনজার্ভ ইউর মাদার ল্যাংগুয়েজ আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া, বিশ্বের প্রধান প্রধান শহরে মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ স্থাপনসহ অস্ট্রেলিয়ায় জাতীয়ভাবে একুশে ফেব্রুয়ারিতে‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করার ব্যাপারে দেশটির ফেডারেল পার্লামেন্টের সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদ জানানো হয়।
ফেডারেল এমপি ম্যাট থিস্টলথওয়েট অস্ট্রেলিয়ার জাতীয় সংসদের অধিবেশনে এই বিষয় আলোচনা করবেন বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনালের চেয়ারপার্সন নির্মল পাল, পরিচালক ড. রতন কুণ্ডু, সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন এবং সদস্য আজাদ আলম।
এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনালের চেয়ারপার্সন নির্মল পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বের সকল মাতৃভাষা রক্ষায় বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে গত ১০ বছর ধরে অস্ট্রেলিয়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল নিরলসভাবে কাজ করে আসছে।
“গত ১৩ সেপ্টেম্বর এমএলসি মুভমেন্টের প্রস্তাবে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি বা এসিটি রাজ্য সরকারের উদ্যোগে সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদযাপন এবং ক্যানবেরায় স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব পাস করা হয়।”
| বাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
