২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয় মিলেছে মালয়েশিয়ায় দেশি বন্ধুর হাতে নিহত বাংলাদেশির

কেক ব্যবসার সাফল্যে ঈর্ষার জের ধরে মালয়েশিয়ায় নিজ দেশের বন্ধুর হাতে খুন হওয়া বাংলাদেশির পরিচয় মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 06:26 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

পুরনো খবর:

স্বদেশী বন্ধুকে হত্যায় মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

পাসপোর্ট অনুযায়ী নিহত মোহাম্মদ আবদুল রাজ্জাক (৩১) –এর বাড়ি সুনামগঞ্জ জেলার সদর থানায়। তিনি তাহিরপুর ইউনিয়নের কাউজারি বাজারের আমবারি এলাকার মোহাম্মদ আবদুর রশিদের ছেলে।

এছাড়া পাসপোর্টে নিহত রাজ্জাকের মায়ের নাম মোছাম্মদ আমিনা খাতুন এবং তার ভাইয়ের নাম আব্দুল মোতালেব হিসেবে উল্লেখ আছে।

গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে তিনদিন নিখোঁজ ছিলেন রাজ্জাক। এরপর সোমবার তার মালয়েশিয়ার নিয়োগদাতা স্থানীয় থানায় রাজ্জাকের নিখোঁজ হওয়া সম্পর্কে জানান।

নিয়োগকর্তার অভিযোগ আমলে নিয়ে সেইদিনই পুলিশ সন্দেহভাজন ও রাজ্জাকের বাড়ির বাসিন্দাদের গ্রেপ্তার করলে তারা হত্যার কথা স্বীকার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ স্থানীয় একটি নর্দমা থেকে রাজ্জাকের বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধার করে।

আসামিরা পুলিশকে জানায়, নিহত রাজ্জাক ও আরেক বাংলাদেশি স্থানীয় একটি স্টেশনে পাশাপাশি কেক বিক্রি করতেন। হত্যার শিকার রাজ্জাক কেক বিক্রিতে তার বন্ধুর চেয়ে অপেক্ষাকৃত বেশি সফল ছিলেন।

গত ২১ সেপ্টেম্বর ‘কম সফল ব্যবসায়ী’ ফোন করে শাহ আলম এলাকার তামান মেগার একটি ফ্ল্যাটে নিমন্ত্রণ করে রাজ্জাককে। পরে দুই বাংলাদেশি তাদের ব্যবসায়িক বৈঠকে বসলে বাকবিতণ্ডার জের ধরে রাজ্জাককে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজ্জাকের লাশ দেশে পাঠানোর কথা রয়েছে বলে রাজ্জাকের পুরনো বন্ধু শরিয়তপুর ডামুড্ডা থানার আখন্দ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আখন্দ সুমন বলেন, “দশ বছর আগে রাজ্জাকসহ আমরা এক সাথে মালয়েশিয়ায় এসেছিলাম। রাজ্জাক শাহ আলমে কাজ করতো আমি চায়নাটাউনে। এতো বছরের বন্ধুর নির্মমভাবে নিহত হওয়ার খবরে খুবই কষ্ট পেয়েছি।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!