প্রধানমন্ত্রীর সাথে ওয়াশিংটন মেট্রো আ.লীগের বৈঠক অক্টোবরে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মেট্রো এলাকার তিনটি কমিটির নেতাকর্মীদের সাথে অক্টোবরের শুরুতে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার নেতাকর্মীদের সাথে আগামী রোববার বিকাল ৪টায় ভার্জিনিয়ায় হোটেল রিটজ কার্লটনে এ সাক্ষাৎ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক।
সভানেত্রীর আগ্রহে এ সাক্ষাৎ হচ্ছে বলে উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, “মঙ্গলবার সভানেত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ রয়েছেন। তার সুস্বাস্থ্য কামনার জন্যে দলীয় নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে মিলিত হবেন। বিভিন্ন অঙ্গরাজ্য কমিটিকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।”
অন্যদিকে আগামী সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আহ্বান করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের উদ্দেশ্যে। সভানেত্রী শেখ হাসিনা আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কথা বলেছেন বলে জানিয়েছে সংগঠনটি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
