ডাকঘরের মাধ্যমে সৌদি প্রবাসীদের পাসপোর্ট নবায়ন অক্টোবরে
সৌদি আরবের সব জেলা শহরের ডাকঘরের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নের সুবিধা চালু হতে যাচ্ছে।
স্থানীয় সময় বুধবার বিকালে রিয়াদ বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, ১ অক্টোবর থেকে পাসপোর্ট নবায়নের এ বিশেষ সুবিধা চালু হবে।
দূতাবাসের প্রেস সচিব মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে পাসপোর্ট নবায়ন নিয়ে সাংবাদিকদের সামনে মূল বক্তব্য দেন দূতাবাসের উপ-মিশন প্রধান মো. নজরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কার্যালয় প্রধান ও কাউন্সেলর মো. ফরিদ উদ্দিন আহমদ, কাউন্সিলর কাজী নুরুল ইসলাম, ২য় সচিব মো. বশির আহমেদসহ দূতাবাসের কর্মকর্তা – কর্মচারিরা ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রিয়াদ, দাম্মাম, আল গাসিম, আরার, আল খারিজ, আল গোরাইয়াসহ সব প্রাদেশিক জেলার ডাকঘর থেকেই পাসপোর্ট নবায়নসহ যেকোনও তথ্য সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা।
রিয়াদ দূতাবাসে আগত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়নের নতুন এ সেবা চালুকে স্বাগত জানান।
সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিরা বলেন, দূর-দূরান্ত থেকে পাসপোর্ট নেওয়ার জন্য আসতে হবেনা। এটা বড়ো সুবিধা।
তবে সৌদি পোস্ট অফিসের লোকেরা পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কতোটা সহযোগিতা করছেন, তা দৈনিক বা সাপ্তহিকভাবে দূতাবাসের কর্মকর্তাদের মনিটরিং করার দাবি জানান তারা।
তাছাড়া মেয়েদের ক্ষেত্রে পাঁচ বছর বয়সীদের পাসপোর্ট দেওয়ার বদলে ১০ বছর বয়সীদের পাসপোর্ট দেওয়ার দাবি জানান প্রবাসীরা।
যেভাবে পাসপোর্ট নবায়ন করা যাবে
১. মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি (মূল পাসপোর্ট শুধু দেখাতে হবে, জমা নেওয়া হবে না।)
২. মূল ইকামা (কাজের অনুমতিপত্র) এবং ইকামার ফটোকপি (মূল ইকামা শুধু দেখাতে হবে, জমা নেওয়া লাগবেনা)
৩. পূরণ করা রিইস্যু ফরম ।
৪. হারানো পাসপোর্টের আবেদনের জন্য সরাসরি দূতাবাসে যোগাযোগ করতে হবে ।
৫. আবেদন জমা দেওয়ার জন্য আবেদনকারীকে নিয়ে আসতে হবে । তবে কোম্পানির পক্ষ থেকে কেউ আবেদন জমা দেওয়া বা পাসপোর্ট নিয়ে আসলে তাকে কোম্পানির নিজস্ব প্যাডে প্রদত্ত অথোরাইজেশন লেটারসহ আসতে হবে।
৬. সাধারণ এমআরপি রিইস্যুর জন্য সরকারি ফি ১২৫ রিয়াল এবং প্রফেশনাল এমআরপি রিইস্যুর সরকারি ফি ৪১৫ রিয়াল (দুই ক্ষেত্রেই সৌদি পোস্টের ফি আলাদাভাবে দিতে হবে)। উল্লেখ্য – ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী, স্থপতি, চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তি এবং ম্যানেজার বা পরিচালক পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি প্রফেশনাল বলে বিবেচিত হবেন)
৭. আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর (যে নম্বরে আবেদনকারির সাথে যোগাযোগ করা যাবে।)
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
