দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট ‘বিসিকে ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার দেশটির গিয়ঙ্গি প্রদেশের আনসান শহরে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ওইদো নবাংকরকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে গোল্ডেন বয়েজ ইলসান। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছিলো।
প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭.২ ওভারে ওইদো নবাংকর ১৫২ রান করে। ওইদো নবাংকরের পক্ষে রাজু ২৯, জাহিদুল ২৬ ও নাজিম ২৬ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে সর্বোচ্চ ৩৪ রান আসে। গোল্ডেন বয়েজ ইলসানের পক্ষে পায়েল ৫ উইকেট ও সাজিদ ২ উইকেট নেন।
১৫৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে অধিনায়ক সাজিদের অর্ধশতকের উপর ভর করে জয় নিশ্চিত করে গোল্ডেন বয়েজ ইলসান। এছাড়া পায়েল ২২ ও সাগর ২১ রান করেন। ওইদো নবাংকরের পক্ষে বিলাস ও মাসুদ দু’টি করে উইকেট নেন।
প্রধান অতিথি হাবিল উদ্দিন বলেন, “বিসিকে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিল, আছে ও থাকবে। ব্যস্ততম কোরিয়া প্রবাসীরা যেন অবসরে আনন্দ পান সেই লক্ষ্যে বিভিন্ন ক্রীড়ার আয়োজন করে থাকে।”
আরও উপস্থিত ছিলেন- বিসিকে সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক রানা, নির্বাহী সদস্য ছোটন আহমেদ, ইমন আহমেদ, মনিরুজ্জামান মিলন ও জিয়াউল হক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
