রোহিঙ্গা নির্যাতন বন্ধে জেনেভায় অবস্থান কর্মসূচি
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান কর্মসূচি পালন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘আয়েবা’।
স্থানীয় সময় শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপের ৩০টি দেশের বাংলাদেশিদের প্রধান কমিউনিটি সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’ এ কর্মসূচি পালন করে।
আয়েবা’র পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকালে জেনেভার ভাঙ্গা চেয়ার প্রাঙ্গণে জাতিসংঘ আঞ্চলিক সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশিরা অংশ নেন।
সমাবেশে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ব্রাসেলসের ‘ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)’ সদর দপ্তরসহ ইউরোপের দেশগুলোর পার্লামেন্ট হাউজের সামনে একই প্রতিবাদ কর্মসূচির ডাক দিতে বিভিন্ন দেশের বাংলাদেশ কমিউনিটির প্রতি আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতিসংঘ আঞ্চলিক সদর দপ্তরের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা এরিভান সান্তিয়াগো ফ্রাংকা ফিলহো’র সাথে মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠক করেন আয়েবা নেতারা।
জেনেভায় জাতিসংঘ আঞ্চলিক সদর দপ্তরের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও জেনেভায় বাংলাদেশ মিশন প্রধান রাষ্ট্রদূত এম শামীম আহসানের সাথেও দুপুরের পর আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন আয়েবা নেতারা।
মহাসচিবের নেতৃত্বে আয়েবা প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, পাবলিক রিলেশান অ্যাফেয়ার্স সেক্রেটারি কামাল মিয়া, এক্সিকিউটিভ মেম্বার রহমান খলিলুর, ইমরান খান মুরাদ, হাসান মাহমুদ ও মাঈনুল ইসলাম নাসিমসহ জেনেভার দুই কমিউনিটি ব্যক্তিত্ব আমজাদ চৌধুরী ও নজরুল জমাদার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
