২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অভিবাসী বিষয়ক সেমিনার

পর্তুগালে বসবাসরত অভিবাসীদের অধিকার সম্পর্কে বাংলাদেশি অভিবাসী ও প্রবাসীদেরকে সচেতন করতে সেমিনার করেছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 09:32 PM

Updated : 11 Oct 2022, 02:32 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার ‘অপরাধের শিকার অভিবাসী এবং তাদের অধিকার’ শীর্ষক ওই সচেতনতামূলক সেমিনারটির আয়োজন করা হয় দূতাবাস ভবনেই।

পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, পর্তুগিজ আইনবিদ, বাংলাদেশ কমিউনিটির নেতারা, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী, পর্তুগালে অধ্যয়নরত শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক অভিবাসী ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। 

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী স্বাগত বক্তব্যে প্রবাসী বাঙালিদের জন্য সেশনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

এসময় তিনি কোনও অভিবাসী বা প্রবাসী কোনও অপরাধ বা বৈষম্যের শিকার হলে তার অধিকার এবং আইনগত সহযোগিতা পাওয়ার দিকগুলো নিয়ে ও বিস্তারিতভাবে তুলে ধরেন।

সেমিনারে পর্তুগিজ অ্যাসোসিয়েশন অফ ভিকটিম সাপোর্ট (এপিএভি) –এর অভিবাসন আইন বিশেষজ্ঞ জোয়ানা মেনেজেস বলেন, “অভিবাসীদের অধিকার নিশ্চিতে এবং মানসিক, অর্থনৈতিক কিংবা আইনগত সহযোগিতা বা পরামর্শ দেওয়ার লক্ষ্যে এপিএভি

দীর্ঘ ২৭ বছর যাবত কাজ করে যাচ্ছে।

“বর্তমানে পর্তুগালের বিভিন্ন প্রান্তে অবস্থিত ১৭ টি স্থানীয় অফিস এবং বিভিন্ন দেশের অসংখ্য স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এপিএভি দুই লাখ ৯৫ হাজার অভিবাসী ও প্রবাসীদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে।

তিনি জানান, এ সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কাজটি সংগঠনটি বিনামূল্যে, গোপনীয়তা রক্ষা করে এবং ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে দিচ্ছে।

অভিবাসী বা প্রবাসী কোনও বাংলাদেশি যে কোনও ধরনের অপরাধ বা বৈষম্যের শিকার হলে কিংবা কোনও সমস্যায় পড়লে দূতাবাসের মাধ্যমে কিংবা সরাসরি এপিএভি এর সাথে যোগাযোগ করে সহযোগিতা বা পরামর্শ চাইতে পারেন।

এ ধরনের সহযোগিতা পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস-এর টেলিফোন নম্বর +৩৫১-২১২-৬৯৭-০৩৭ (সোমবার হতে শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত) অথবা সরাসরি এপিএভি এর টোল ফ্রি হটলাইন নম্বর ১১৬-০০৬ ( যেকোনও দিন সকাল ৯টা হতে বিকাল ৭টা পর্যন্ত) নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!