অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি পার্লামেন্টে মাতৃভাষা সংরক্ষণের প্রস্তাব পাশ
মাতৃভাষা সংরক্ষণ এবং বিশ্বের সবদেশের গ্রন্থাগারে সব ভাষা সংরক্ষণে ‘একুশে কর্নার’ প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরির পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে।
পাশাপাশি একুশ ফেব্রুয়ারি সমন্বিতভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনে প্রতিটি প্রধান প্রধান শহরে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ’ প্রতিষ্ঠার উদ্যোগের আন্দোলনেও সহায়তার প্রস্তাবও পাস হয়েছে পার্লামেন্টের ওই প্রস্তাবে।
স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা এলিস্টার ব্রুস কোই এ প্রস্তাব উথাপন করেন। এসময় এমএলসি মুভমেন্ট প্রতিনিধি দল পার্লামেন্ট ভবনে উপস্থিত ছিলেন।
এমএলসি মুভমেন্টের প্রতিনিধি দলে ছিলেন- এমএলসি মুভমেন্টের চেয়ারপারসন ও একুশে কর্নার দর্শনের প্রবক্তা নির্মল পাল, নির্বাহী পরিচালক এনাম হক, পরিচালক ও একুশে বেতার ক্যানবেরার প্রযোজক অজয় কর, এসিটি লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে জিনেন্ডারা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি বংশোদ্ভুত ইগ্নেশিয়াস রোজারি, সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর মাসুদ চৌধুরী, ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিল নবনির্বাচিত কাউন্সিলর শাহে জামান টিটু, কৃষিবিদ কামরুল হাসান এবং এমএলসি মুভমেন্ট সদস্য পারভেজুল আলম অপেল।
প্রসঙ্গত, বিশ্বের সকল মাতৃভাষাকে রক্ষার করতে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে গত ১০ বছর ধরে অস্ট্রেলিয়াভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এমএলসি মুভমেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
