২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ‘শান্তির সংস্কৃতি’ সভায় রোহিঙ্গা প্রসঙ্গ

‘শান্তির সংস্কৃতি’র উপর জাতিসংঘের এক ফোরামে রোহিঙ্গা ইস্যুকে ‘গুরুতর চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 01:49 PM

Updated : 11 Oct 2022, 02:30 PM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, “সীমান্তের ওপার থেকে আসা বিশাল জনগোষ্ঠী বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধসহ দুর্দশাগ্রস্ত মানুষদেরকে নিয়ে যে গুরুতর চ্যালেঞ্জ বাংলাদেশ মোকাবিলা করছে এর অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি মনোনিবেশ প্রয়োজন।”

শান্তি ও মানবতা রক্ষার স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে ‘বিশ্ববিবেক জরুরি পদক্ষেপ নেবে’ বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত মাসুদ।

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর দেখানো পথেই শান্তির সংস্কৃতিকে এগিয়ে নিতে বৈশ্বিক পরিমণ্ডলে সামনের সারিতে থেকে এবং জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কর্মসূচিতে নেতৃস্থানীয় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “১৯৯৭ সালে শেখ হাসিনাই প্রথম জাতিসংঘে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি প্রস্তাব করেন। সেই থেকে বাংলাদেশ স্বপ্নদর্শী ও সার্বজনীন এই ‘শান্তির সংস্কৃতি’ ধারণার পূর্ণ ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এর প্রাধিকারমূলক ক্ষেত্রসমূহের উপর গৃহীত সকল ঘোষণা ও কর্মপরিকল্পনার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।”

রাষ্ট্রদূত মাসুদ আরও বলেন, “বাংলাদেশ শান্তি বিষয়ক শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এবং সে অনুযায়ী স্কুলের পাঠ্যসূচিতে শান্তি সম্পর্কিত পাঠ অন্তর্ভূক্ত করা হয়েছে যাতে শিক্ষার্থীরা শৈশব থেকেই এ বিষয়ে শিক্ষা পায়।

“স্কুলে যাওয়ার আগেই পরিবার থেকে শান্তি সংস্কৃতির শিক্ষা শুরু করা উচিত। পারিবারিক এই শিক্ষাই সমাজ থেকে দেশ, দেশ থেকে বিশ্বব্যাপী শান্তির সংস্কৃতি ও সহনশীলতার আন্দোলনকে বেগবান করতে পারে।”

‘শান্তির সংস্কৃতি’র সাধারণ বিতর্ক অংশে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন। সভায় কি-নোট বক্তব্য দেন নোবেল বিজয়ী বেটি উইলিয়ামস।

একই দিন বিকেলে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘের সাবেক সহকারি মহাসচিব আনোয়ারুল করিম চৌধুরী। এতে অংশ নেন- ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ও ‘কালচার অব পিচ ফাউন্ডেশন’ সভাপতি অধ্যাপক ফেডারিকো মেয়র, শিশুদের প্রতি সহিংসতা বিরোধী জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মারতা স্যানতোজ পাইজ ও ইউনিসেফের প্রতিষ্ঠান ‘আর্লি চাইলহুড পিচ কনসোর্টিয়াম’ এর চেয়ারপারসন রিমা সালাহ্সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা।

‘শান্তির সংস্কৃতি’ ফোরামের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের সন্তান জাতিসংঘের শান্তির দূত হিসেবে আজীবন দায়িত্ব পালনকারি শ্রীচিন্ময় প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক ‘শ্রীচিন্ময় সেন্টার’ এর শিল্পীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!