টোকিওতে ঈদ পুনর্মিলনী ও বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ
জাপানের টোকিওতে ঈদ পরবর্তী পুনর্মিলনীতে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন নিপ্পন-বেঙ্গল ফ্রেন্ডস সার্কেল।
রোববার টোকিওর সিনজকু ওয়ার্ডের তাকাদানো বাবা স্টেশন সংলগ্ন কুমিন সেন্টারে ওই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে সংগঠনের সদস্যরা নিজেরাই বিভিন্ন ধরনের খাবার রান্না করে। এরপর রাতে সকলে মিলে খাবার শেষে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করে।
এসময়ে সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের সহযোগিতার কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সকলে তাদের ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়ে নিপ্পন-বেঙ্গল ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে সরাসরি তাদের প্রতিনিধির মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে সংগৃহীত টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আলোচনার মধ্যে অনেকটা তাৎক্ষণিকভাবেই এক লাখ টাকারও বেশি তহবিল সংগ্রহ করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন- জাকির খান, আবদুস সালাম টুলন, সোহরাব হোসেন সানি, জুলফিকার আলী দুলাল, দিলু ইয়াজিমা, সাইমন আহমেদ, জুয়েল লতিফ, সাজ্জাত শাহরিয়া, শাহ হোসেন, লিটন সেলিম, বসুনিয়া পাভেল, মাহতাব হোসেন দাদ সহ আরো অনেকে।
সভার সভাপতিত্ব করেন নিপ্পন-বেঙ্গল ফ্রেন্ডস সার্কেলের সভাপতি জাহিদ হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
