মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়ক সেমিনার
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে যুক্তরাজ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার বিকালে যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনের চার্চহীল কলেজ মিলনায়তনে ‘প্রবাসী বাংলাদেশি কম্যুনিটির করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটি’র অনরারি প্রেসিডেন্ট ইসহাক কাজলের সভাপতিত্বে ও নির্বাহী প্রেসিডেন্ট সৈয়দ এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল গাফফার চৌধুরী।
‘যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটি’ আয়োজিত সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবীর।
শাহরিয়ার কবীর বলেন, “নাৎসী বাহিনী কর্তৃক গণহত্যাসহ বিশ্বব্যাপী প্রতিটি গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও বাংলাদেশে তিন মিলিয়ন মানুষকে হত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নেই। বিশ্ববাসী বিষয়টি জানলেও ১৯৭৫ পরবর্তীতে এ বিষয়ে কোনো কূটনৈতিক তৎপরতা হয়নি, বরং পঁচাত্তর পরবর্তী সরকারগুলো বাংলাদেশকে পাকিস্থানী ভাবধারায় ফিরিয়ে নিতে সচেষ্ট ছিল।”
শাহরিয়ার কবীর উল্লেখ করেন, “বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে, শীর্ষ অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে। তারপরেও কথা থেকে যায়, যেসব মানবতাবিরোধী অপরাধী মারা গেছে, তাদের বিচারের আওতায় আনা যায়নি।” আইন করে এদেরও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে এমন আইন রয়েছে, ইচ্ছে করলে যে কেউ প্রমাণসহ এসব বিষয়ে মামলা করতে পারে। এখনও আমরা যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের বিচার করতে পারিনি।” মানবতাবিরোধী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি জানান শাহরিয়ার কবীর।
গাফফার চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, তার ব্যবস্থা সরকারীভাবে করতে হবে। দেশের মানুষ যাতে ধর্মান্ধতা ও কুসংস্কারের দিকে ধাবিত না হয় সে লক্ষ্যে একমুখী শিক্ষা ব্যবস্থা জরুরী।”
ব্রিটেনে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী চৌধুরী মইনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে দণ্ড কার্যকর করতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান গাফফার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্মূল কমিটির উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামাল খান। ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহর সাবির্ক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির স্মৃতি আজাদ, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ও নারী নেত্রী হোসনেয়ারা মতিন।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ঘাতক-দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি মতিয়ার চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পুস্পিতা গুপ্তা, গণজাগরণ মঞ্চের অজন্তা দেব রায়, সাবেক কাউন্সিলর ও নির্মূল কমিটির উপদেষ্টা নুরুদ্দিন আহমদ, স্মিথ ব্যাকার ও শাহানা আখঞ্জি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
