ভুলোমনাদের বন্ধু জাপানের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’
জিনিসপত্র হারিয়ে ফেলার একটি সহজাত ‘প্রতিভা’ আছে আমার। এই প্রতিভার বহিঃপ্রকাশ অবশ্য ঘটেছিলো সেই ছেলেবেলাতেই।
রাবার, পেন্সিল, কলম, খাতা, জ্যামিতি বক্স, টিফিনের ডিব্বা, জুতা, ছাতা- এমন কোনো জিনিস নেই যা আমি হারাইনি। প্রায় প্রতি সপ্তাহেই নিয়ম করে কিছু না কিছু হারাতাম আর বাসায় ফিরে বাপ-মায়ের হাতে ধোলাই খেতাম।
বড়বেলায় এসে আমার এই প্রতিভা আরও বিকশিত হয়ে উঠলো। এইবার আমি মানিব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, সার্টিফিকেট, ইউটিলিটি বিল ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারানো শুরু করলাম। সাথে সাথে কোথাও কিছু রেখে পরে ভুলে যাওয়া অথবা কোথাও যাবার সময় জরুরী কিছু বাসায় ফেলে যাওয়া ইত্যাদি নতুন উপসর্গও যুক্ত হলো।
অদ্ভুত ব্যাপার হচ্ছে, জাপান নামের এই দেশটিতে আসার পর আমার জিনিসপত্র হারিয়ে ফেলার প্রতিভা একেবারেই নষ্ট হয়ে গেলো। কী মুস্কিল! এই আজব দেশের আজব মানুষগুলো চাইলেও আমার কিছুই হারাতে দিচ্ছে না। ভাবখানা এমন, আমার জিনিপত্র ঠিকঠাক রাখার পুরো দায় দায়িত্ব এনারা নিয়ে নিয়েছেন।
আমার আগের বাসা, অর্থাৎ ইয়ামাতো শি-এর ‘চুওরিনকান’ নামের স্টেশনটির ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ সেকশনে আমি ছিলাম এক পরিচিত মুখ। প্রায়ই ট্রেনে বা স্টেশনে এটা-সেটা ফেলে এসে মুখ চুন করে ওই সেকশনের অফিসারের সামনে দঁড়াতাম। তিনি জাদুমন্ত্রের মতো আমার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতেন। তারপর বত্রিশ পাটি দাঁত বের করে গা জ্বালানো একটা হাসি দিয়ে বলতেন, ‘ওয়াসুরে মনো। 'ওয়াসুরে মনো' অর্থ হলো 'ভুলে যাওয়া জিনিস', 'দোমো আরিগাতো গোজাইমাস' মানে হলো 'তোমাকে অনেক ধন্যবাদ'।ভুলে যাওয়া জিনিস ফিরিয়ে নেবার জন্য ধন্যবাদ পাই।
তো এরপরের বার আমি স্ট্র্যাটেজি বদল করলাম। যেহেতু স্টেশনের ভেতর বা ট্রেনে জিনিসপত্র হারিয়ে ফেললে সেগুলো সহজেই ফিরে পাওয়া যাচ্ছে, তাই আমি স্টেশনের বাইরে কোনও এক জায়গায় আমার মোবাইল ফোনটি হারিয়ে আসলাম। ফোনে চার্জও ছিলো না, তাই কেউ যে সেটি পেয়ে ফিরিয়ে দেবে- এমনটিও ভাবতে পারছিলাম না। আমি মোটামুটি আশা ছেড়ে দিয়ে নতুন মোবাইল কিনবার কথা চিন্তা করছি।
এরই মাঝে একদিন ‘কোবান’ মানে পুলিশ বক্সে গিয়ে ফোন হারানোর বিষয়টি রিপোর্ট করে আসলাম। তার পরেরদিন আমার বাসায় একটি চিঠি আসলো, যেখানে আমাকে জানানো হলো, টোকিওর ‘ইইদাবাসি’ নামের স্টেশনের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অফিসে আমার মোবাইল ফোনখানি বহাল তবিয়তে রাখা আছে। আমি যেন সময় করে গিয়ে সেটা নিয়ে আসি।
আমি নাচতে নাচতে সেখানে গিয়ে ফোন ফিরিয়ে আনলাম। ফিরে আসার পথে আবার প্রতিভার ঝলক দেখিয়ে আমার সাইকেলের চাবিটি হারিয়ে ফেললাম। পরে অবশ্য সেটি নিজেই খুঁজে পেয়েছিলাম।
জাপানে আসার পরে আমার ভুলো মনের সবগুলো স্মৃতিই যে সুখস্মৃতি- তা কিন্তু নয়। একবার ভীষণ বিপদে পড়েছিলাম। সাত-সকালে ঘুম থেকে উঠে কনভিনিতে পাউরুটি কিনতে গেছি। পাউরুটি হাতে নিয়ে দোকানের আরও জিনিস দেখতে দেখতে এটা-সেটা ভাবতে ভাবতে কখন যেন দাম না মিটিয়েই দোকান থেকে বেরিয়ে এসেছি।
একটু পর ওই কনভিনির সেলসম্যান পেছন থেকে এসে শক্ত হাতে আমার কবজি চেপে ধরলো। তখন আমি জাপানি ভাষা একদমই বলতে পারতাম না। ওই ব্যাটাও ইংরেজি বোঝে না। আমি যে মনের ভুলে দাম দেইনি, এই কথাটি কিছুতেই তাকে বোঝাতে পারছিলাম না।
এর মাঝেই কোথা থেকে যেন অস্ত্রসস্ত্রে সুসজ্জিত তিন-চারজন পুলিশ অফিসার এসে পড়লো। আমার তো তখন ঘাম ছেড়ে অজ্ঞান হওয়া বাকি। আমাকে ওই অবস্থা থেকে উদ্ধার করেন আমার পত্নী। তিনি আইডি কার্ড নিয়ে এসে একজন জাপানি বন্ধুর মাধ্যমে ফোনে কথা বলিয়ে দেবার পর সে যাত্রা উদ্ধার পেয়েছিলাম।
পরে হলোও তাই। আমি তখন ভাবছিলাম, ভাগ্যিস লাগেজটি হারিয়েছিলো! নয়তো সেটা নিজে নিজে বাসায় নিতে গিয়ে আমার দম বেরিয়ে যেতো।
আবার ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ প্রসঙ্গে ফিরে আসি। আপনি যদি গত বছর জাপানের টোকিওতে জিনিসপত্র বাদে শুধুমাত্র হারিয়ে গিয়ে ফিরে পাওয়া টাকার অংকটা শোনেন, চোখ কপালে উঠবে। পরিসংখ্যান বলছে, টোকিও পুলিশের লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্ট ২০১৬ সালে ৩ দশমিক ৭ বিলিয়ন ইয়েন (মার্কিন মুদ্রায় ৩২ মিলিয়ন ডলার) উদ্ধার করে সেবাগ্রহীতাদের কাছে পৌঁছে দিয়েছিলো!
জাপানের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ নামের এই সেবার খ্যাতি কিন্তু পুরো বিশ্বজুড়ে। নিজেদের সততা, পরিশ্রম আর মেধা দিয়ে এই জাতি সেই খ্যাতি অর্জন করেছে। আমরা যারা প্রবাসী হয়ে এই দেশটিতে থাকি, প্রতিনিয়ত মুগ্ধ হই এদেশের মানুষের নীতিবোধ, নিয়মের প্রতি আনুগত্য আর সততা দেখে।
জাপান বা জাপানি পণ্য নিয়ে ভাবলে তাই ‘নির্ভরতা’-এই শব্দটিই সবচাইতে প্রথমে মনে আসে। একবার ভাবুন তো, একটি জাতির জন্য এরচেয়ে গৌরবের বিষয় আর কী হতে পারে!
লেখক: প্রবাসী বাংলাদেশি
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
