২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কাউন্সিলম্যান পদপ্রার্থী হারুনের সমর্থনে সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি ডিস্ট্রিক্টে কাউন্সিলম্যান পদে বাংলাদেশি প্রার্থী তৈয়বুর রহমান হারুনের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 10:53 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

স্থানীয় সময় রোববার জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে সৈয়দ মোহাম্মদউল্লাহর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ২৪ নম্বর ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী তৈয়বুর রহমান হারুন।

সভায় হারুনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কম্যুনিটি নেতা ফখরুল আলম  বলেন, “আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। সানন্দে সমর্থন ব্যক্ত করার পাশাপাশি ১২ সেপ্টেম্বর মঙ্গলবার কেন্দ্রে গিয়ে হারুনকে ভোট দেওয়ার ব্যাপারে অনেকেই অঙ্গিকার করছেন। আমরা নির্বাচকদের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছি।”

ফখরুল আলম উল্লেখ করেন, “নিউ ইয়র্কের মতো একটি সিটির কাউন্সিলম্যান হতে পারলে কম্যুনিটির অনেক সমস্যারই সহজ সমাধান সম্ভব। শুধু তাই নয়, কাউন্সিলম্যানের পথ বেয়েই এক সময় সিটি মেয়র, কংগ্রেসম্যান পর্যন্ত যাওয়া সম্ভব।”

আগের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী মুজিবর রহমান বলেন, “বিপুল সম্ভাবনা রয়েছে জয় ছিনিয়ে আনার। এজন্যে সবকিছুর ঊর্ধ্বে উঠতে হবে প্রত্যেক ভোটারকে। এটি জাতীয় এবং সম্প্রদায়গত স্বার্থে প্রয়োজন। হারুন হচ্ছেন আমাদের সকলের প্রতিনিধি, বাংলাদেশের প্রতিনিধি।”

ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক মুজিবর রহমান আরও বলেন, “হারুন হচ্ছেন একমাত্র এশিয়ান ও বাংলাদেশি। সুতরাং সকল বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানরাও যদি জোটবদ্ধ থাকতে পারি, তাহলে তার বিজয় কেউই ঠেকিয়ে রাখতে পারবে না।”

ডেমোক্র্যাট সালেহ আহমেদ বলেন, “যারা মূলধারায় কাজ করছেন, তাদেরকে সবকিছুর ঊর্ধ্বে উঠতে হবে হারুনের সমর্থনে। এর বিকল্প নেই।”

কম্যুনিটি অ্যাক্টিভিস্ট মোজাহিদুল ইসলামও হারুনকে জয়ী করতে সকলকে কাজ করার অনুরোধ জানান।

প্রচার কমিটির নেতা তাজুল ইসলাম বলেন, “আমরা কাজ করছি নিঃস্বার্থভাবে। আর সেটি করছি কম্যুনিটির স্বার্থে তথা বিশ্বের রাজধানীতে বাঙালিদের শেকড় মজবুত করার লক্ষ্যে। সকলকে এ চেতনায় কাজ করতে হবে।”

১২ সেপ্টেম্বর মঙ্গলবার ভোটারদের কেন্দ্রে নিয়ে যাবার জন্যেও বিশেষ একটি ব্যবস্থা থাকবে বলে জানানো হয় সভা থেকে। যারা যানবাহনের সংকটে রয়েছেন, তাদেরকে আগেই হারুনের প্রচার কমিটির সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন তৈয়বুর রহমানের প্রধান নির্বাচনী উপদেষ্টা কাজী আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোল্লাহ মনিরুজ্জামান, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট শীতাংশ গুহ, শামসুল হুদা, শরাফ সরকার, মো.শাহনেওয়াজ, তৈয়বুর রহমানের নির্বাচন কমিটির ম্যানেজার ডোনাল্ড, বদরুল হুদা ও বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার আবু নাসের।

ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে এই ডিস্ট্রিক্টে মাত্র দু’জন প্রার্থী রয়েছেন। অপরজন হলেন বর্তমান কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান। তাকে পরাজিত করতে পারলেই তৈয়বুর রহমান হারুন বিজয়ী হবেন।

তৈয়বুর রহমান হারুন বলেন, “নিউ ইয়র্ক বিশাল এক নগরী। সাংস্কৃতিক ঐতিহ্যও বহুমাত্রিক। এই নগরীর প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে সমান সুযোগ-সুবিধা ভোগ করার। বিশেষ করে প্রতিটি ডিস্ট্রিক্টে সিটি বাজেট থেকে বরাদ্দকৃত অর্থের ন্যায্য হিস্যা সবাইকে দিতে হবে। কিন্তু বিগত চার বছর ডিস্ট্রিক্ট ২৪-এর জন্য বরাদ্দকৃত অর্থের সম-ব্যবহার করেননি বর্তমান কাউন্সিলম্যান।”

হারুন অভিযোগ করে বলেন, “চলতি বছরের ৭ লক্ষ ডলার বরাদ্দের মধ্যে ৫১ শতাংশ অর্থ বিশেষ একটি কমিউনিটির জন্য ব্যয় করা হয়েছে। ২৯ শতাংশ অর্থ অন্যান্য কমিউনিটির জন্য এবং ১৪ শতাংশ অর্থ ব্যয় করা হয়েছে ডিস্ট্রিক্টের বাইরের কাজে।”

তিনি নির্বাচিত হলে এ ধরনের অনিয়ম রোধ করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!