২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারিকেন হার্ভি বিধ্বস্ত হিউস্টন প্রবাসীদের ঈদ

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে হ্যারিকেন হার্ভির কারণে সেখানে বসবাসরত অধিকাংশ  বাংলাদেশিরা ঈদ পালন করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 11:06 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

গত সপ্তাহের শুক্রবার থেক শুরু হওয়া হ্যারিকেন হার্ভির গতিবেগ ধীরে ধীরে কমে আসলেও কয়েকদিনের টানা বৃষ্টিপাতে শহরটিতে ভয়াবহ বন্যার আকার ধারণ করে।

এসময় হিউস্টন শহরসহ ক্লিয়ার লেইক, লিগ সিটি, ডিকেনসন, ক্যাটি, সাইপ্রেস, সুগারল্যান্ড, সিলি ও ফ্রেন্ডসউডের বিভিন্ন এলাকার বাংলাদেশিদের বাড়ির নিচতলায় পানি ওঠে। অনেকেই দোতলায় আশ্রয় নেন তখন।

বন্যার পানিতে বাড়ি তলিয়ে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি কয়েকটি পরিবার।

এখনও পানিবন্দি হয়ে আছেন বলে হিউস্টনের বাসিন্দা ফোবানার চেয়ারম্যান আজাদুল হক জানান। তিনি বলেন,  “এইসব বাড়িগুলো পার্শ্ববর্তী দুইটি জলাশয়ের কাছাকাছি বলে জলাশয়ের উপচে পড়া পানি নেমে যেতে আরও দীর্ঘ সময় লেগে যাবে।”  

আজাদ জানান, আনুমানিক ৪০-৫০টি বাংলাদেশি পরিবারের বাড়ির নিচ তলা পানিতে নিমজ্জিত হওয়ায় স্বাভাবিক জীবন যাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর অন্যদিকে কোনো না কোনোভাবে অল্প ক্ষতির সম্মুখীন হয়েছে প্রায় দেড়শ’ থেকে দুইশ’ পরিবার।

আজাদ আরও বলেন, “এ ধরনের মারাত্মক বন্যা হিউস্টনের ইতিহাসে গত পাঁচশ’ বছরেও ঘটেনি। ফলে ঈদের আনন্দ এবারে অনেক পরিবারের জন্যেই ছিল ম্রিয়মাণ। কোরবানি ঈদগুলোতে হিউস্টনের মসজিদগুলোতে এবারে জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কম ছিল।” 

গতকাল থেকে পানি নেমে যেতে শুরু করায় কিছু কিছু অঞ্চলে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সভাপতি শাহ্‌হালিম সূত্রে জানা গেছে। তিনি বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের অনতিবিলম্বে তার সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারের সংস্কার কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হিউস্টনের ‘বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন’-এর পক্ষ থেকেও হিউস্টনের মূলধারার নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি পরিবারগুলোর উদ্ধার ও সংস্কার কাজে সহযোগিতা করে যাচ্ছে বলেন সংগঠনটির সদস্য রিয়াজ আহমেদ জানিয়েছেন।     

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের ভাইস প্রেসিডেন্ট খালেদ জুলফিকার খান জানান, আশ্রয় কেন্দ্রে নেওয়া  হয়েছে এমন পানিবন্দি বাসিন্দাদের মধ্যে অন্তত পাঁচশ’ বাংলাদেশি রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!