যুক্তরাষ্ট্রে ত্যাগের মহিমায় ঈদ উদযাপন
হারিকেন হার্ভে বিধ্বস্ত টেক্সাসের হিউস্টন ছাড়া আমেরিকার সর্বত্র ত্যাগের মহিমায় বিপুল উৎসাহে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের ব্যবস্থাপনাধীন আড়াইশ’ মসজদিসহ মোট দুই হাজার ছয়শ’রও বেশি মসজিদে কোরবানির ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শতাধিক স্থানে খোলা মাঠেও ঈদের জামাত হয়, যেগুলোতে হাজার হাজার মুসুল্লী অংশ নেন। ফ্লোরিডা, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, মিশিগানসহ অনেক জায়গায়ই বাংলাদেশের আদলেই গরু কোরবানি দেওয়া হচ্ছে।
নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, বোস্টন, কানেকটিকাটের বাংলাদেশিরা তাদের পশু কোরবানি করেন বিভিন্ন খামারে।
আবার অসংখ্য প্রবাসীর কোরবানির পশুর ‘অর্ডার’ নিয়েছে বাংলাদেশি গ্রোসারিগুলো।
ফ্লোরিডা, ভার্জিনিয়া, আটলান্টা, আটলান্টিক সিটি, প্যাটারসন, ফিলাডেলফিয়া, বস্টন, নিউইয়র্ক, লসএঞ্জেলেস, মিশিগান, শিকাগো থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ বছর ১০ হাজারের বেশি গরু এবং ৫০ হাজার খাসি কোরবানি হচ্ছে।
ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টরের ঈদ জামাতে মোনাজাত। ডটকম।
বাংলাদেশের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ঈদের নামাজ আদায় করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ভার্জিনিয়া, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ফ্লোরিডা এবং সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কে ঈদের নামাজ আদায় করেন।
নিউ ইয়র্কে সর্ববৃহৎ ঈদ জামাত হয়েছে কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারে। ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, চার্চ-ম্যাকডোনাল্ডে বায়তুল জান্নাহ মসজিদ, ওজোনপার্কে আল আমান মসজিদ, নিউজার্সির প্যাটারসনে জালালাবাদ মসজিদের ব্যবস্থাপনায় সেখানকার সবচেয়ে বড় ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হয়।
ব্রুকলিনে ঈদ জামাত শেষে কোলাকুলি। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
